আ.লীগের কাউন্সিলর, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের তালিকা অনুমোদন করা হয়েছে। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্সিলরের তালিকা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিককে বাদ দেওয়া হয়েছে। তবে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রীর জামাতা খোন্দকার মাশরুর হোসেন কাউন্সিলর থাকছেন।

 আগামী শনি ও রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থিত চারজন নেতা জানান, বৈঠকে দলের নতুন গঠনতন্ত্রের খসড়া অনুমোদন করা হয়েছে। ঘোষণাপত্র নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং নেতারা নিজেদের মতামত তুলে ধরেন। শেষে দলীয় প্রধান শেখ হাসিনা ঘোষণাপত্রের বিষয়ে কারও মতামত থাকলে তা লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। পরে এই শর্তে খসড়া অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতিতে গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের চূড়ান্ত অনুমোদন হবে।

নেতারা জানান, কার্যনির্বাহী সংসদের বৈঠক মুলতবি করা হয়েছে। সম্মেলনের আগে প্রয়োজন হলে আবার বৈঠক হতে পারে। সম্মেলনে কীভাবে শৃঙ্খলা বজায় রাখা হবে—দলীয় প্রধান এ বিষয়ে জানতে চান। শৃঙ্খলা উপকমিটির নেতারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। ৫০টি দল গঠন করা হয়েছে নেতা-কর্মীদের নিয়ে।

বৈঠক সূত্র জানায়, সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ড. মসিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন ও রাশিদুল আলমের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।