আ.লীগের কাছে সাকার রায় 'ঐতিহাসিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল থাকায় এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য তুলে ধরেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
জাহাঙ্গীর কবির লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটি একটি ঐতিহাসিক রায়। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’
সংবাদ সম্মেলনের শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।