তফসিল ঘোষণার আগেই মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কিছুটা নীরব।
এ সময়ের মধ্যে আওয়ামী লীগের চার প্রভাবশালী নেতা মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা সভা, সেমিনার, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভোটারদের আকৃষ্ট করতে পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ বছর ধরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা পৌর নাগরিক কল্যাণ সমিতির ব্যানারে পৌরবাসীর বিভিন্ন দাবি আদায়ে কর্মসূচি পালন করে আসছেন। মূলত মেয়র পদে নির্বাচনে অংশ নিতেই তিনি এসব কর্মসূচি পালন করছেন। গত ২৬ আগস্ট আকস্মিকভাবে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এরপর থেকে তিনি বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে প্রচার চালিয়ে আসছেন। ৩০ আগস্ট জনসভা করে জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার ঘোষণা দেন, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনিও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ নির্মাণ করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ ছাড়া ২ সেপ্টেম্বর সমাবেশ করে বর্তমান মেয়র রমজান আলী বলেন, তিনি এবারও প্রার্থী হতে চান। তিনি চার মেয়াদ ধরে পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।
এদিকে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দিন ফেস্টুন ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশ্বাস দিয়ে প্রচার শুরু করেছেন। এ ছাড়া গত নির্বাচনে পরাজিত বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী নাসির উদ্দিন এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
জেলা নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২০০৮ সালের ৪ আগস্ট মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন হয়। মেয়াদ শেষে ২০১৩ সালের সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। ওই বছরের ১ আগস্ট সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহিদ হোসেনের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদনের প্রেক্ষাপটে নির্বাচন স্থগিত করা হয়। তবে বর্তমানে এ সমস্যার সমাধান হয়েছে।
জেলা নির্বাচন কমিশনার মো. মুনীর হোসাইন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগামী মাসের শেষ সপ্তাহে দেশের অন্যান্য পৌরসভাসহ মানিকগঞ্জ পৌরসভার তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।