ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারণা চালিয়ে আসছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আছেন ছয়জন, বিএনপির দুজন আর স্বতন্ত্র একজন।
তবে জামায়াত ও জাতীয় পার্টির কোনো মনোনয়নপ্রত্যাশীর কথা গতকাল বুধবার পর্যন্ত জানা যায়নি।
দলীয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তা ও প্রচারণা চালানোর দিক থেকে এগিয়ে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান পৌর মেয়র তাকজিল খলিফা। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র নূরুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেন ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সৈয়দ মো. মহসিন দলীয় মনোনয়ন পেতে চান।
জেলা বিএনপির শীর্ষ তিন নেতা (সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) কারাগারে থাকায় দলটির পক্ষে প্রার্থী বাছাইয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন ওরফে আব্দু, সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ মিয়া দলীয় মনোনয়ন চেয়েছেন। সম্প্রতি পদত্যাগ করা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়েছেন।
গত বুধবার রাতে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হুমায়ুন কবির বলেন, তাঁর দল থেকে এখন পর্যন্ত কোনো মনোনয়নপ্রত্যাশীর নাম জানা যায়নি।
উপজেলা জামায়াতের সাবেক আমির বিল্লাল আহমেদ বলেন, নিজ দলের কেউ প্রার্থী হবেন কি না, এখনো তাঁর জানা নেই। তবে তিনি বর্তমান মেয়রের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
বর্তমান মেয়র তাকজিল খলিফা ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসনের সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন বলে পরিচিত। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার তফসিল ঘোষণার পরপরই ঢাকার গুলশানের বাসায় গিয়ে আইনমন্ত্রীর মাকে সালাম করে দোয়া চেয়েছি। পরে বনানী কার্যালয়ে গিয়ে আইনমন্ত্রীকেও সালাম করে নির্বাচনের জন্য দোয়া চেয়েছি। দল আমাকে মনোনয়ন দেবে বলে প্রত্যাশা করছি।’
গত বুধবার গাজী আবদুল মতিন বলেন, তিনি দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি একজন মুক্তিযোদ্ধা। তাই তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশা করেন।
মন্তাজ মিয়া বলেন, ‘বাড়ি বাড়ি জনসংযোগ করছি। দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করছি।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘তৃণমূল পর্যায়ে যাঁর বেশি গ্রহণযোগ্যতা, তিনিই দল থেকে মনোনয়ন পাবেন। দলীয় নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করব।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর বলেন, ‘বিএনপির পক্ষে দুজন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, গতকাল শনিবার পর্যন্ত মেয়র পদে চারজন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন ও কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে যাঁরা মনোয়ন নিয়েছেন, তাঁরা হলেন বর্তমান মেয়র তাকজিল খলিফা ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেন এবং বিএনপির মন্তাজ মিয়া ও স্বতন্ত্র মশিউর রহমান।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১২ ডিসেম্বর তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে আখাউড়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে মোট ভোটার ২৪ হাজার ৬৪১ জন। নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই মেয়র এন এম হাসান খান মারা গেলে ২০১২ সালের উপনির্বাচনে জয়ী হন তাকজিল খলিফা। ২০১৩ সালে ১২ মার্চ পৌরসভাটি দ্বিতীয় শ্রেণির মর্যাদা লাভ করে।