আ.লীগের জরিপ দিয়ে কিছু হবে না: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের ‘মিথ্যা জরিপ’ দিয়ে কিছু হবে না। পৌর নির্বাচনে তাদের ভরাডুবি হবে। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ৮০ ভাগের বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে।
গতকাল রোববার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের একাংশ) দ্বিবার্ষিক কাউন্সিলে খালেদা জিয়া এসব কথা বলেন। পৌর নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি। দলটির সূত্র জানায়, এবার বিএনপি সে পথে হাঁটবে না। পৌর নির্বাচনে তারা শেষ পর্যন্ত মাঠে থাকতে চায়। তবে কোথাও বড় ধরনের কারচুপি, দখল হলে স্থানীয়ভাবে নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া হতে পারে।
খালেদা জিয়া বলেন, শোনা যাচ্ছে এবার নির্বাচনে সাংবাদিকেরা কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না। এটার লক্ষ্য পরিষ্কার। চুরি করার জন্য সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সাংবাদিকদের অবশ্যই কেন্দ্রের ভেতরে থাকতে হবে। ভোটকেন্দ্রের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে তৃতীয়বারের মতো প্রমাণ হবে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। ‘রকিব-হাসিনা মার্কা’ নির্বাচন জনগণ গ্রহণ করে না, তা প্রমাণ হবে। খালেদা জিয়া নির্বাচনে প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মনে করেছিল বিএনপি নির্বাচনে আসবে না। বিএনপি নির্বাচনে এসে প্রমাণ করেছে, তারা নির্বাচনমুখী দল। সবার অংশগ্রহণে নির্বাচনে বিশ্বাস করে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে গণমাধ্যমকে অবরুদ্ধ করে ফেলেছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর সেটি আরও ভয়াবহ হয়েছে। বিভিন্ন কালাকানুন করে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমার দেশ, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। একুশে টিভির চেয়ারম্যানকে বন্দী রেখে কৌশলে চ্যানেলটি দখল করে নিয়েছে। জাতীয় প্রেসক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটিতে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপিপন্থী যাঁরা আছেন তাঁদের ‘বেইমান, দালাল’ আখ্যা দেন খালেদা জিয়া। তিনি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের মুক্তি দাবি করেন।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব এম এ আজিজ প্রমুখ বক্তব্য দেন।
খালেদার জিয়ার সংবাদ সম্মেলন আজ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন। বিকেল ৪টায় গুলশানে তাঁর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল তাঁর প্রেস সচিব মারুফ কামাল খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।