আ.লীগের জাতীয় কমিটির বৈঠকে চাঁদা বৃদ্ধির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জাতীয় কমিটিতে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের চাঁদা বৃদ্ধি করা হয়েছে।
এর মধ্যে সাধারণ সদস্যদের চাঁদা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। জেলা কমিটির নেতাদের চাঁদার পরিমাণ দ্বিগুণ করে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদ সদস্যদের চাঁদার পরিমাণ ঠিক করা হয়েছে ২ হাজার টাকা। কেন্দ্রীয় কমিটির নেতাদের চাঁদার পরিমাণ দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ঠিক করা হবে।
গতকাল শনিবার বিকেলে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে অংশ নেওয়া তিনজন নেতা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ১৬৬ জন। কেন্দ্রীয় কমিটির সব নেতা, জেলাভিত্তিক সদস্য ও দলীয় সভাপতি মনোনীত সদস্য নিয়ে এই জাতীয় কমিটি গঠিত।
বৈঠক সূত্র জানায়, সভায় জেলা পর্যায় থেকে মনোনীত পাঁচ-ছয়জন নেতা বক্তৃতা করেন। তাঁরা শেখ হাসিনাকেই দলীয় সভাপতি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে জেলা নেতাদের সম্মান না দেওয়ার অভিযোগ করেন। পরে দলীয় প্রধান শেখ হাসিনা কেন্দ্রীয় নেতা হয়ে জেলার প্রবীণ ও ত্যাগী নেতাদের যথাযথ সম্মান দেওয়ার নির্দেশনা দেন।
এদিকে সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের সভা ডাকা হয়েছে আগামী মঙ্গলবার। পরদিন বিকেল পাঁচটায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হবে। উভয় সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।