গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১৬ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে গতকাল শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচনে দিনব্যাপী ভোট গ্রহণ করা হয়।
২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক পদে মো. মনজুর মোর্শেদ (প্রিন্স) বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে আখতার হোসেন ও মোহাম্মদ হোসেন, সহসাধারণ সম্পাদক পদে আজিজুল হক, লাইব্রেরি সম্পাদক পদে কাজী আলম, অডিটর পদে মুহা. মেহেদী হাসান, মহিলা সম্পাদক পদে ফাহমিদা আছমত ও নয়জন সদস্য সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদা পারভীনসহ দুজন সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম জানান, ১ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৮২ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।