‘আওয়ামী লীগের দলীয় প্রতীকে জয়ী হওয়া ইউপি চেয়ারম্যান বেশি। এ হিসেবে প্রার্থী হয়েছি। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত ইউপি সদস্যসংখ্যা দেখে তো মনে হচ্ছে জয়-পরাজয়ে ডিসাইডিং ফ্যাক্টর বিএনপিই। তাই দলের বাইরে থেকে বিএনপির সমর্থন নেওয়ার চেষ্টায় আছি।’
সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমে জয়-পরাজয় সম্পর্কে এভাবেই বলছিলেন জেলা আওয়ামী লীগের পদধারী এক নেতা। তাঁর মতে, নির্বাচনে ভোটার জনপ্রতিনিধিদের মধ্যে শুধু চেয়ারম্যান পদগুলো আওয়ামী লীগের হিসাবের মধ্যে ছিল। কিন্তু ভোটের মাঠে নেমে ইউপি সদস্যসংখ্যা হিসাব কষে দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত বিএনপির ওপর ভরসা করতে হচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য প্রার্থীদের। এই অঙ্কে শেষ পর্যন্ত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জয়ে বিএনপি ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হিসেবে আবির্ভূত হচ্ছে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক লুৎফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদার, জিয়াউদ্দিন লালা ও ফখরুল ইসলাম। সাধারণ সদস্য পদে ১০৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৮ জন প্রার্থী হয়েছেন। ১৫টি ওয়ার্ডে ১ হাজার ৪৯৩ ভোটার। এর মধ্যে ১০৫ ইউপিতে ১ হাজার ৩৬৫ জন, ১৩ উপজেলায় ৩৯, ১টি সিটি করপোরেশনে ৩৭ ও ৪র পৌরসভায় ৫২ জন ভোটার রয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সরাসরি কোনো প্রার্থী নেই। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ ঘরানার প্রার্থী এনামুল হক সরদার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁদের জয়-পরাজয় অনেকখানি নির্ভর করছে বিএনপির ওপর। এ সমীকরণ সামনে এসেছে জনপ্রতিনিধিদের রাজনৈতিক পরিচয় ঘেঁটে।
নির্বাচনে অংশ না নিয়েও প্রার্থীদের জয়-পরাজয়ে ডিসাইডিং ফ্যাক্টর হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রথম আলোকে বলেন, মোট ভোটারের অর্ধেক বিএনপিসহ জোটের ভোট। তিনি বলেন, ‘ভোটারদের প্রতি আমাদের কোনো নির্দেশনা নেই। আমি মনে করি, তাঁরা ভোট দেবেন এবং এই ভোটাধিকার প্রয়োগের মধ্যে অবশ্যই রাজনৈতিক আদর্শের প্রতিফলন হবে।’
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বিএনপি কোনো ফ্যাক্টর নয় জানিয়ে বলেন, ‘বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি, তাই আমরা রাজনীতি নয়, ভোটার হিসেবে জনপ্রতিনিধিদের সমর্থন চাইছি। এতে সাড়াও মিলছে।’