আ.লীগের টাকা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বিএনপির প্রার্থীদের সরে দাঁড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।
উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত এ নোটিশ গত বৃহস্পতিবার দেওয়া হয়। ওই আট নেতাকে ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে মনিরুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আটটিতে তাঁদের প্রার্থীরা আর্থিক সুবিধা নিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ জন্য দল ওই আট নেতাকে নোটিশ দিয়েছে।
উপজেলার ওই ১০টি ইউপিতে গত ২৩ এপ্রিল ও ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের পর বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান নিতে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হওয়ার পরদিন তাঁদের এলাকায় আসতে বলা হয়। কিন্তু ওই আট প্রার্থী নির্দেশ না মেনে এলাকায় থেকে যান।
পরে রহস্যজনকভাবে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়া নেতারা হলেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে আবদুল মান্নান সরকার, চরমোহনা ইউনিয়নে নাজমুল ইসলাম, চরপাতা ইউনিয়নে হিজবুল্লা গুনু, কেরোয়া ইউনিয়নে নজরুল ইসলাম সরকার, বামনী ইউনিয়নে সালেহ আহম্মদ, দক্ষিণ চরবংশী ইউনিয়নে হারুনুর রশিদ হাওলাদার, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে আলমগীর হোসেন ও রায়পুর ইউনিয়নে মো. ইউছুফ। এর মধ্যে নাজমুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. ইউছুফ সহসভাপতি। অন্যরাও উপজেলা ও ইউনিয়ন কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
রায়পুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি লিটন অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অপহরণের নাটক সাজিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপর অন্য প্রার্থীরাও তাঁকে অনুসরণ করেন।
মো. ইউছুফ, আবদুল মান্নান সরকার, মো. সালেহ আহাম্মদ ও আলমগীর হোসেনের সঙ্গে গতকাল শুক্রবার মুঠোফোনে কথা বলেন এই প্রতিবেদক। এ সময় তাঁরা দলীয় নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন। তাঁরা দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপের মুখে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন বলেন, চাপ দিয়ে বিএনপির প্রার্থীদের সরিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। টাকা দিয়ে বিএনপির প্রার্থীদের সরিয়ে দেওয়ার কোনো ঘটনা তাঁর জানা নেই।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ) আসনের সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দলের সঙ্গে বেইমানি করে আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।