ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ায় আওয়ামী লীগ-মনোনীত তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
এই তিনজন হলেন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউপিতে মিজানুর রহমান, মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউপিতে আক্তারুজ্জামান জীবন ও বাংলাবাজার ইউপিতে সোহারাব হোসেন।
চরকেওয়ার ও বাংলাবাজার ইউপিতে শুরু থেকেই একজন করে প্রার্থী। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার বাউশিয়ায় বিএনপির প্রার্থী আবদুল আহাদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ বিষয়ে তাঁর মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বাউশিয়া ইউপির রিটার্নিং কর্মকর্তা আরিফ জামিল ফারুকী প্রথম আলোকে জানান, এ ইউপির বিএনপির প্রার্থী গতকাল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর আগে এই ইউপিতে আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তপন চৌধুরী বলেন, জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতার চাপেই বিএনপির প্রার্থী তাঁর মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য হয়েছেন। জেলা নেতা ও সরে দাঁড়ানো নেতা আওয়ামী লীগের প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল কাদের বলেন, পঞ্চম ধাপে ২৮ মে গজারিয়ার আটটি ও মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউপিতে ভোট হবে। এর মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হতে যাচ্ছেন।