আ.লীগের তিন বিদ্রোহী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তিন জেলায় তিনজন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তাঁরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী (জগলু), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল।
আজ রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে এই তিন উপজেলায় বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারের চিঠি ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতাদের দল থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, তা ১৫ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে চিঠিতে।
আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা জানান, ওই তিন উপজেলায় আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মিলিত ভোট বিএনপির বিজয়ী প্রার্থীর চেয়ে অনেক বেশি। দলের নীতিনির্ধারকেরা মনে করেন, বিদ্রোহী প্রার্থী না থাকলে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হতেন। এ জন্যই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ভোটের ফলাফলে দেখা যায়, সিলেটের ওসমানীনগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা তৃতীয় হন। এ দুই উপজেলায় বিজয়ী বিএনপি প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর।
১ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৃণমূল নেতাদের চিঠি দিয়ে অধীন কমিটি বিলুপ্ত ও কাউকে বহিষ্কার না করার নির্দেশনা দেন। চিঠিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল কেন্দ্রীয় কমিটির। ওই চিঠির পর আজ প্রথম বহিষ্কারের সিদ্ধান্ত এসেছে কেন্দ্রীয়ভাবে।