আ.লীগের তিন বিদ্রোহীকে বহিষ্কার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করে।
চতুর্থ ধাপে আগামী ৭ মে এসব ইউপিতে ভোট হবে। বহিষ্কৃত তিনজন হলেন কড়ই চড়া ইউপির স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রিয়াজ দানি, আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মনোহর আলী এবং সিধুলি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া আহম্মেদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ওই তিনজন প্রার্থী হচ্ছেন। শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ায় গত বুধবার উপজেলা আওয়ামী লীগের সভায় সব নেতার সম্মতিক্রমে তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।