নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া নিয়ে উপজেলা ও পৌর নেতারা বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা পাল্টাপাল্টি তিন প্রার্থীর নাম প্রস্তাব করে গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, একটি চিঠিতে দলীয় মনোনয়ন দিতে পৌরসভার বর্তমান মেয়র সাদেকুর রহমানের নাম প্রস্তাব করে গতকাল দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়। এটিতে সই করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন তাঁদের অনুসারী উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। এরপর জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি ফজলে রাব্বীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করে আরেকটি চিঠি পাঠানো হয়। এটি পাঠান সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির দুই সহসম্পাদক সেলিনা আক্তার ও নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা, সহসভাপতি আজিমুদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আমিনুল হক ও সাধারণ সম্পাদক নেকবর হোসেনের অনুসারীরা। অপর মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান নিজের নাম প্রস্তাব করে সমর্থকদের নিয়ে আরও একটি চিঠি কেন্দ্রে জমা দেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল বলেন, ‘আমরা তৃণমূল নেতা-কর্মীদের মতামত নিয়ে সাদেকুর রহমানকে মনোনয়ন দিতে শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রে চিঠি পাঠিয়েছি।’
সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমরা দলের ত্যাগী নেতা-কর্মীরা একত্র হয়ে সভা করে ফজলে রাব্বীকে দলের মনোনয়ন দিতে চিঠি দিয়েছি। ফজলে রাব্বীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে দল সিদ্ধান্ত নিয়েছে।’