আ.লীগের দখলে বিলবোর্ড

অনুমতি ছাড়াই বগুড়া শহরের বাণিজ্যিক বিলবোর্ডগুলো দখল করে নিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সরকারদলীয় নেতাদের ছবিসংবলিত বিলবোর্ড শোভা পেতে দেখা যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফ বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের চান্দাইকোনা থেকে বগুড়া শহর পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটারে কয়েক হাজার বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার আর তোরণ তৈরি হচ্ছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক শাখা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এসবের খরচ বহন করছেন। এ ছাড়া বগুড়া শহরজুড়ে এসব লাগানোর কাজ চলছে। জেলা ও শহর কমিটির বিভিন্ন নেতারা ছাড়াও উপজেলা কমিটির নেতারা ব্যক্তিগত উদ্যোগে এসব খরচ জোগাচ্ছেন। খরচের পরিমাণ সঠিক করে বলা সম্ভব না হলেও সম্মেলনে প্রচার-প্রচারণার খরচ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথাকে ঘিরে জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে, সপ্তপদী মার্কেটের ওপরে, পোস্ট অফিসের সামনে, সমবায় ব্যাংক ভবনের পাশে, মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের পাশে বিভিন্ন কোম্পানির ছোট-বড় অন্তত ২০টি বাণিজ্যিক বিলবোর্ড আছে। এসব বিলবোর্ড দখল করে প্রচারণা চালাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। সপ্তাহ খানেক ধরে শহরের বিভিন্ন স্থানে এমন দলীয় বিলবোর্ড টাঙাতে দেখা গেছে। আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
বগুড়া জিলা স্কুলের প্রাচীরের পাশে প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের অটবি লিমিটেডের বিলবোর্ড দখল করে সেখানে বিলবোর্ড টাঙিয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান। পাশের আরেকটি বিলবোর্ড দখল করেছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক তবিবর রহমান। একইভাবে বিলবোর্ড দখল করে দলীয় প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক এস এম শাহজাহান, প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। কোম্পানিগুলোর অনুমতি নিয়েই এসব বিলবোর্ডে দলীয় প্রচারণা চালানো হচ্ছে বলে নেতারা দাবি করেছেন।
শাহরিয়ার আরিফ বলেন, বিলবোর্ডে দলীয় প্রচারণা চালানোর জন্য কোম্পানিগুলোর কাছ থেকে মৌখিক অনুমতি নিতে সবাইকে জেলা কমিটি থেকে বলে দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায় দাবি করেন, শহরের বিলবোর্ডে দলের সম্মেলনের প্রচারণা চালানো হলেও যাঁরা বিলবোর্ড টাঙিয়েছেন, তাঁরা প্রত্যেকেই কোম্পানিগুলোর কাছ থেকে অনুমতি নিয়েছেন।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান বলেন, একটি বিলবোর্ডে খরচ পড়েছে ৪৫ হাজার টাকা। কোম্পানির বিলবোর্ড ঢেকে দলীয় বিলবোর্ড টাঙালেও সম্মেলনের পর এটি নিজ দায়িত্বে খুলে নেওয়া হবে।
তবে নেপচুন, মুক্তি আর্ট, গ্রিনওয়ে, শতরূপা ও সিটি আর্টসহ বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বগুড়ায় তাঁরা কোনো রাজনৈতিক দলকে বিলবোর্ড ভাড়া দেননি।
নেপচুনের একজন বিপণন নির্বাহী বলেন, এসব বিলবোর্ড কোনো রাজনৈতিক দলকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার ব্যাপারে কেউ যোগাযোগও করেনি।
বিজ্ঞাপনী সংস্থার লোকজন জানিয়েছেন, শহরে বিলবোর্ড টাঙাতে পৌর মেয়রের অনুমতি লাগে। কেউ অনুমতি নিলে সেটি পৌর মেয়রের জানার কথা।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, বিলবোর্ড দখল করে রাজনৈতিক দলের প্রচারণা চালানো হলে তা দেখার দায়িত্ব পৌরসভার নয়। কারণ, বিলবোর্ডগুলো বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাকে ভাড়া দিয়েছে পৌরসভা।
শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুর রহমান বলেন, ছাত্রলীগের সাবেক একজন নেতাকে এসব বিলবোর্ড শহরের সুবিধাজনক ও ফাঁকা জায়গায় টাঙানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। বাণিজ্যিক বিলবোর্ড দখল করলে ১০ ডিসেম্বরের পর নিজ দায়িত্বেই দখলমুক্ত করা হবে।