আ.লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি একাংশের
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। এ মনোনয়ন প্রত্যাহার না করা হলে তাঁরা আসন্ন নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার দুপুরে নলডাঙ্গার পাটুল বাজারে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলীয় প্রার্থীর মনোনয়নে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবি করে পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাংশ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২৭ ফেব্রুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই সভায় অগণতান্ত্রিক উপায়ে পকেট কমিটি করে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থী কলিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের আয়োজকদের সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলামের উপস্থিতিতে কলিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের প্রার্থী মনোনয়নের ব্যাপারে কোনো কথা বলতে দেওয়া হয়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলী খান বলেন, যাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তাঁকে দিয়ে কোনোভাবেই নৌকাকে বিজয়ী করা সম্ভব না। সংবাদ সম্মেলনে তৃণমূলের নেতা-কর্মীরা সৎ, যোগ্য ও ত্যাগী প্রার্থীকে মনোনয়ন দিতে ইউনিয়নের সব ওয়ার্ড ও তৃণমূল নেতাদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করার দাবি জানিয়েছেন। তাঁরা বর্তমান প্রার্থী বহাল থাকলে নির্বাচনী কর্মকাণ্ড বর্জনেরও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আইয়ুব আলী, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দেওয়ান শাহজালাল, থানা ছাত্রলীগের সহসভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ দলের একাংশ।
তবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম তৃণমূলের কর্মীদের অভিযোগ অসত্য দাবি করে বলেন, সবার মতামত নিয়েই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।