রাজশাহীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) কোষাধ্যক্ষের কার্যালয় থেকে গত মঙ্গলবার দুপুরে টাকা লুট হওয়ার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে তদন্ত কমিটি হয়েছে।
কমিটি বলছে, সেদিন টাকা লুটের ঘটনা ঘটেনি। কোষাধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়েছিল। তা গতকাল বৃহস্পতিবার মীমাংসা হয়ে গেছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোষাধ্যক্ষ যে অভিযোগ করেছিলেন, তা তিনি প্রত্যাহার করে নেবেন।
মঙ্গলবার দুপুরে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ২ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছেন বলে কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ঘটনার পর আইএইচটির অধ্যক্ষ মনসুর রহমান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের কাছে নালিশ করেন।
ডাবলু সরকার আইএইচটি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে টাকা উদ্ধারের জন্য চাপ দেন। ঘটনার দিন রাতে তিনি প্রথম আলোকে বলেছিলেন, টাকা নিলে অবশ্যই ফেরত দিতে হবে। তবে ছাত্রলীগের নেতারা তাঁর কাছে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল বিকেলে ডাবলু সরকার প্রথম আলোকে বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন ও নগরের রাজপাড়া থানা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলমকে নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। তাঁরা আইএইচটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাননি। তবে কোষাধ্যক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। তার সত্যতা পাওয়া গেছে। কমিটি সেটি মীমাংসা করে দিয়ে এসেছে। তিনি আরও বলেন, কোষাধ্যক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে অধ্যক্ষের কাছে যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহার করে নেবেন।
মুঠোফোনের সংযোগ না পাওয়ায় এ ব্যাপারে কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ভর্তির ঝামেলার কারণে টাকা লুটের ব্যাপারে মামলা করার সিদ্ধান্ত নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিলের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। শনিবার বৈঠক হবে। সিদ্ধান্ত হলে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে থানায় মামলা হবে। আওয়ামী লীগের তদন্ত কমিটির ব্যাপারে তিনি বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি তদন্ত কমিটি কাজ করতে পারে না। তারা তাঁর কাছে পর্যন্ত আসেনি।
টাকা লুটের ঘটনায় গত বুধবার প্রথম আলোতে ‘রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি: টাকা লুটের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।