আ.লীগের দুই নেতার জামিন ফের নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদকে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের দুই নেতার জামিন আবেদন গতকাল সোমবার নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত।

ওই দুই আসামি হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম এবং অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সরকার। তাঁরা এখন জেলা কারাগারে রয়েছেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিচারিক হাকিমের আদালতে একাধিকবার জামিন নামঞ্জুর হওয়ার পর তাহেরুল ও নুরুল জামিনের জন্য জেলা জজ আদালতে বিবিধ মামলা (মিস কেস) করা হয়। গতকাল জেলা ও দায়রা জজ রবিউল হাসান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন বার কাউন্সিলের সহসভাপতি বাসেত মজুমদার।

এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর সকালে নিজ গ্রাম ভাড়ই মধ্যপাড়ার পুকুরপাড় থেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিনই তাঁর ভাই ফজলুল করিম থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। ১৫ ডিসেম্বর ফজলুল করিম বিচারিক হাকিমের আদালতে একটি সম্পূরক মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবদুল হামিদ মিয়া, অলোয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত ডিবিকে থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন। গত এপ্রিলে ডিবি তাহেরুল ও নুরুলকে গ্রেপ্তার করে। এর আগে আরও সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নুরুল ইসলামসহ পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা জবানবন্দিতে উল্লেখ করেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাহেরুল, নুরুলসহ কিছু নেতার সঙ্গে রকিবুলের মতবিরোধ হয়। এ কারণে তাঁকে হত্যা করা হয়।