আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতার বিরোধের কারণে জেলা কমিটি গঠন ১৭ বছর বিলম্ব হলেও দুই পক্ষ এখন সহাবস্থানে। ২০১৩ সালের পর থেকে তারা প্রকাশ্যে আর কোনো বিরোধে জড়ায়নি। দলীয় কর্মসূচিতে উভয় পক্ষের অংশগ্রহণ দেখা যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েকজন নেতা বলেছেন, প্রভাবশালী দুই নেতা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাংসদ আফম বাহাউদ্দিন নাছিমের বিরোধের কারণে জেলা কমিটি গঠন ১৭ বছর আটকে ছিল। মূলত প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপে উভয় পক্ষ সহাবস্থানে আসে। দুই পক্ষের নেতারা ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দলীয়প্রধানের কাছে যান। ২০১৩ সালের ১২ নভেম্বর কেন্দ্র থেকে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।
অবশ্য দলের মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলা এবং পৌরসভা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বেশ আগে। এ ছাড়া এই তিনটি উপজেলার ইউনিয়ন কমিটিরও মেয়াদ নেই। তবে শিবচর উপজেলায় নতুন কমিটি রয়েছে।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘একসময় মাদারীপুরে আওয়ামী লীগে বিরোধের কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। তাই কেন্দ্র থেকে কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা সবাই মিলে বিরোধ নিরসনের জন্য কাজ করে যাচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, শাজাহান খান জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯১ সালে সাংসদ নির্বাচিত হন। এরপর তাঁর পরিবার মাদারীপুরের রাজনীতি ও ব্যবসায় নিয়ন্ত্রণ নিতে থাকে। ১৯৯৬ সালে দল ক্ষমতায় গেলে বাহাউদ্দিন নাছিম প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হন। এরপর মাদারীপুরের ঠিকাদারিসহ নানা ব্যবসাকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে বিরোধ শুরু হয়।
বর্তমানে বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাংসদ। তাঁর ছোট ভাই খালিদ হোসেন ওরফে ইয়াদ আলী মাদারীপুর পৌরসভার মেয়র ও দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। কমিটির সভাপতি সাহাবুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে নাছিমের অনুসারী বলে পরিচিত।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর ভাই ওবায়দুর রহমান খান মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি। আরেক ভাই হাফিজুর রহমান খান জেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি। তার চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
পাভেলুর রহমান শফিক খান প্রথম আলোকে বলেন, ‘মূলত বাহাউদ্দিন নাছিমের অনুসারীদের নিয়ে এ কমিটি করা হয়েছে। সেখানে আমাদের দু-চারজনকে রেখেছে। দলের সভানেত্রী অনুমোদন দিয়েছেন, তাই মেনে নিয়েছি। তবে দ্রুত সময়ে সম্মেলনের মাধ্যমে কমিটি করার দাবি আমাদের।’
জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠন এগিয়ে চলেছে। সাংগঠনিকভাবে কাজ করার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা আরও এগিয়ে নিতে চাই। এতে দল আরও শক্তিশালী হবে। ক্রমান্বয়ে দলীয় শৃঙ্খলা আরও বাড়বে।
এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।