আ.লীগের দুই পক্ষ সামলাতেই ব্যস্ত নান্দাইলের প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ নিয়ে গত ১৪ মাসে দুই পক্ষের সম্ভাব্য সংঘাত বন্ধে পঞ্চমবারের মতো ১৪৪ ধারা জারি হলো।
ক্ষমতাসীন দলের দুই পক্ষের একের পর এক পাল্টাপাল্টি কর্মসূচিতে ত্যক্ত হয়ে উচ্চপর্যায়ে প্রতিবেদন পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এতে প্রশাসনের অন্যান্য কাজে ব্যাঘাত ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। একটি অংশের নেতৃত্বে আছেন দলের সভাপতি সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। অপর অংশটির নেতৃত্ব দেন বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খান। দুই অংশ গতকাল বুধবার সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ ডাক দেয়। এতে উত্তেজনা দেখা দেওয়ায় মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলমের বরাত দিয়ে মাইকে ১৪৪ ধারা জারির ঘোষণাটি প্রচার করা হয়।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ টহল দিচ্ছে। উপজেলা প্রশাসন জানায়, বিবদমান দুই পক্ষের সংঘর্ষ এড়াতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয় দুই বছর ধরে। এর মধ্যে গত ২১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর একটি বিজ্ঞপ্তি দেওয়ার পর দুই পক্ষের দ্বন্দ্ব নতুন করে শুরু হয়। ওই বিজ্ঞপ্তিতে বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে আহ্বায়ক ও হাসান মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করে ৬২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর ফলে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বৈধ অধিকার দাবি করেন বর্তমান সাংসদের সমর্থকেরা। অন্যদিকে ২৬ নভেম্বর আগের কমিটি বহাল থাকার নির্দেশনা আসে কেন্দ্র থেকে। এ ধরনের পাল্টাপাল্টি ঘোষণায় দুই পক্ষই দল পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত বলে দাবি করে।
স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের ২০ নভেম্বর পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশে হামলা হয়। সেদিনের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই আবুল মনসুর ভূঁইয়া খুন হন। ওই ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় ধরে নান্দাইলে ১৪৪ ধারা জারি রাখা হয়। প্রায় এক মাস শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রাখা হয় পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় এখান থেকে বদলি হতে হয় থানার তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে গত বছরের ২৭ নভেম্বর, চলতি বছরের ১৪, ২৩ জানুয়ারি ও গতকাল বুধবার পঞ্চমবারের মতো ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, নান্দাইলে এখন প্রচুর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের সমাগম ঘটেছে, যা ব্যবহৃত হলে জানমালের ব্যাপক ক্ষতিসাধন হতে পারে। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উচ্চপর্যায়ের প্রতিবেদন পাঠানো হয়েছে। এতে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ন্ত্রণ করতে প্রশাসন ব্যস্ত থাকায় সরকারি অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে ইউএনও মোহাম্মাদ শাহানুর আলম প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে কিছু বলতে রাজি হননি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সার্বিক তথ্য অবহিত করেছেন বলে নিশ্চিত করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল প্রথম আলোকে বলেন, বারবার একই ঘটনার উদ্ভব হওয়ায় পুলিশকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের সেবা প্রদানে বিঘ্ন ঘটার উপক্রম হচ্ছে।
জানতে চাইলে সভাপতি আবদুস সালামের পক্ষের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গঠনতন্ত্র মেনে আওয়ামী লীগ এখানে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে প্রশাসনকে ব্যতিব্যস্ত থাকার কথা নয়।’
সাংসদ আনোয়ারুল আবেদিন খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অতীত ঘটনাগুলো ঘেঁটে দেখুন, এখানে কারা উচ্ছৃঙ্খল রাজনীতির প্রচলন করেছে।’