আ.লীগের দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে জেলহত্যা দিবস পালন করেছে। এক পক্ষে রয়েছেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সমর্থকেরা। অন্য পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকেরা।
গতকাল বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংসদের সমর্থকেরা শোকসভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান আলী বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাংসদ আবদুল কুদ্দুস। বক্তব্য দেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ধারাবারিষা ইউপির চেয়ারম্যান মো. আবদুল মতিন, বিয়াঘাট ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
একই সময়ে পৌর শহরের চাঁচকৈড় বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে পৌর মেয়রের সমর্থকেরা শোকসভা করেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার। মেয়র শাহনেওয়াজ আলী সভায় উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবদুল বারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরকার মেহেদী হাসান প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে সাংসদ আবদুল কুদ্দুসের সঙ্গে শাহনেওয়াজ আলীর সমর্থকদের দ্বন্দ্ব দেখা দেয়। সেই কোন্দল ঘিরে এখনো দলে বিবাদ চলছে। দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা।
সাংসদ আবদুল কুদ্দুস শোকসভায় প্রতিপক্ষের উদ্দেশে বলেন, তাঁরা রাজনৈতিকভাবে অপরিপক্ব। এ কারণে মাঠে-ঘাটে তাঁকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। দলীয় নেতা-কর্মীরা সময়মতো এর জবাব দেবেন।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাংসদ আবদুল কুদ্দুস ক্ষমতার দাপট দেখিয়ে কতিপয় নেতাকে হাতে নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভাঙন ধরিয়েছেন। তবে তৃণমূলের সব সংগঠন ও নেতা-কর্মী তাঁর পক্ষে রয়েছেন।