আ.লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫টি রাবার বুলেট ছোড়ে।

উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ঘুল্লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা বলেন, বিনোদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিকদার মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা সাকিবুল হাসানের দ্বন্দ্ব ছিল। মিজানুর রহমানের সমর্থক গোলাম রব্বানী ফকিরের বাড়ির মধ্যের রাস্তা দিয়ে এলাকার কিছু মানুষ যাতায়াত করত। সম্প্রতি রাস্তাটি বন্ধ করে দেয় ফকিরের বাড়ির লোকজন। এ নিয়ে গতকাল সকালে শিকদার মিজানুর রহমানের সমর্থকদের সঙ্গে সাকিবুল হাসানের সমর্থকদের সংঘর্ষ হয়। দেশি অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে রবিউল ইসলাম, আলী আজম, উজ্জল মিয়া, আবদুর রহমান, রতন মিয়া, মিটুল বিশ্বাস, কাবুল হোসেন, কামরুল ইসলাম ও বিপুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩৫টি রাবার বুলেট নিক্ষেপ করেন বলে জানিয়েছেন থানার ওসি তরীকুল ইসলাম।

এ ছাড়া সংঘর্ষ চলাকালে রেজা মোল্যা, পিকুল মোল্যা, রোকেয়া বেগম, বাচ্চু মোল্যা, জাহাঙ্গীর হোসেন মোল্যা, দিপুল মোল্যা, মহিরণ নেছা, শুকুর আলী শিকদার, মতিয়ার রহমান ও মিজান শিকদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান বলেন, রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তাঁদের দলের এক নেতা ইন্ধন দিয়ে এই গোলমালের সৃষ্টি করেছেন। এটা দুঃখজনক।

এদিকে মুঠোফোন বন্ধ থাকায় সাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।