আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে মেয়রের ছেলেসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে বিকাশ হাওলাদার (২৮), আবুল কাশেম (৩৪) ও মিন্টু মল্লিককে (২৪) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গিয়াস মাতব্বর (৪৫) ও মো. নাঈমকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি কলাপাড়া পৌর এলাকায়।
এলাকাবাসী বলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জাকি হোসেনের সঙ্গে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির সম্পর্কে ভাগনে ও খালু। কাঁঠালপাড়া গ্রামে একটি মাছের ঘের নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। গতকাল সকালে এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। জাকি হোসেন স্থানীয় সাংসদ মাহবুবুর রহমানের পক্ষের ও হুমায়ুন কবির পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষের হিসেবে পরিচিত। ওই মাছের ঘেরের বিরোধের জের ধরে মেয়র বিপুল হাওলাদারের ছেলে বিকাশ হাওলাদার তাঁর অনুসারীদের নিয়ে পৌরসভা চত্বরে গিয়ে জাকি হোসেন ও তাঁর ছোট ভাই খায়রুল হাসনাতের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন আহত হন। পরে বিপুল চন্দ্র হাওলাদারের অনুসারীরা বিকাশের ওপর হামলার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে পৌর এলাকায় মিছিল করেন।
পৌর কাউন্সিলর জাকি হোসেন বলেন, ‘বিকাশ হাওলাদার দলবল নিয়ে এসে আমার ওপর হামলা চালায় এবং গুলি করার চেষ্টা করে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আমাকে রক্ষা করে। তাদের হাতে বিকাশ দলবলসহ আহত হয়।’
পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘জাকি হোসেনের অনুসারীরা পৌরসভায় এসে আমাকে অবরোধ করে রাখে। এ খবর পেয়ে বিকাশ তার বন্ধুদের নিয়ে এলে জাকি তার লোকজন নিয়ে ওদের ওপর হামলা চালায়। এগিয়ে গেলে জাকির লোকজন আমার ব্যাগে থাকা শটগান ছিনিয়ে নেয়। এ সময় বিকাশ বাধা দিলে ওকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশ শটগানটি উদ্ধার করে।’
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, দুই পক্ষের মধ্যে টানাহেঁচড়ার একপর্যায়ে একটি শটগান পড়ে যায়। পুলিশ সেটি উদ্ধার করে। শটগানটি লাইসেন্স করা।