আ.লীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার স্বাধীনতা মেলায় লটারি খেলা নিয়ে গত সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মার্চ থেকে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে স্বাধীনতা মেলা চলছে। উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের একটি অংশের আয়োজনে এ মেলা চলছে। মেলায় প্রতিদিন চলছে সবুজ র্যা ফল ড্র নামের লটারি খেলা। ২০ টাকা করে বিক্রি হয় লটারির টিকিট। লটারির পুরস্কার হিসেবে রয়েছে কার, মাইক্রো, মোটরসাইকেলসহ লাখ লাখ টাকার প্রলোভন। এ কারণে দিনমজুর, রিকশাচালক, নারী-পুরুষ ও স্কুল-কলেজের নানা বয়সীর শিক্ষার্থীরা ঝুঁকছে লটারি খেলায়। তবে শুরু থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের একটি অংশ মেলায় অবৈধ লটারি খেলা বন্ধ রাখার দাবি করেছিল। সোমবার বিকেল পাঁচটার দিকে লটারি খেলা বন্ধের দাবিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির সভাপতি গোলাম সোবহান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসানের নেতৃত্বে দলের অপর অংশ তাঁদের বাধা দেয়। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে লটারি বন্ধের পক্ষে কথা বলায় চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশাকে মারধর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর দুই পক্ষ উপজেলা দলীয় কার্যালয়ের পাশে পৃথক প্রতিবাদ সমাবেশ করে।