মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন নেতা মাঠে রয়েছেন। সব মিলিয়ে চেয়ারম্যান পদে ছয় প্রার্থী থাকায় নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৮৬ এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হয়েছেন ২১ জন। মোট ভোটার ৯৫৬ জন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে সাবেক সাংসদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানকে। তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু দল থেকে আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম। তিনি মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরজন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য লেবার পার্টির সদস্য সাহাব উদ্দিন। তাঁর প্রতীক হচ্ছে প্রজাপতি।
আজিজুর রহমান বলেন, ‘নির্বাচন দলীয় নয়। তবু দল আমাকে সমর্থন দিয়েছে। যে কারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। নিজস্ব সিদ্ধান্তে তাঁরা প্রার্থী হয়েছেন। তবে নেত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো উচিত ছিল। এখন নির্বাচনই প্রমাণ করবে দল আমাকে সমর্থন দিয়ে ভুল করল, না সঠিক করল।’
এম এ রহিম বলেন, ‘এটা নির্দলীয় নির্বাচন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রার্থী না হওয়ার জন্য কোনো বাধা-বিপত্তি আসেনি। আমি বিশ্বাস করি আমার প্রতি শেখ হাসিনার পুরো সমর্থন আছে।’
সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটা দলীয় প্রতীকের নির্বাচন নয়। তাই আমি প্রার্থী হয়েছি।’
দলের একাধিক প্রার্থী সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘দল-সমর্থিত প্রার্থী একজনই। আমরা অন্যদের প্রার্থী হওয়ার বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।’
এ ছাড়া চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম এম শাহীন। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ খারাপ না। ভোটার ও এলাকার মানুষ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যাপক সাড়া মিলছে। আমি অভিভূত।’
এ ছাড়া সাংবাদিক বকসি ইকবাল আহমদ ঘোড়া ও সোহেল আহমদ তালগাছ প্রতীক নিয়ে নির্বাচনে আছেন।
ভোটার ও কুলাউড়ার হাজীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত বলেন, ‘ভোটের সার্বিক পরিবেশ এমনিতে ভালোই। তবে আলাপ-আলোচনা শোনা যাচ্ছে কিছু প্রার্থী ভোটারদের অর্থের প্রলোভন দিচ্ছেন। তবে আমার মনে হয় এই নির্বাচনের ভোটাররা সচেতন।’
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি। তারপরও দেয়ালে পোস্টার সাঁটাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।