আ.লীগের দুপক্ষের মধ্যে এবার পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে উপজেলার শহীদ ওয়াজেদ চত্বরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের শহীদ ওয়াজেদ চত্বরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবুল কালামের অনুসারী কয়েকজন নেতা-কর্মী কথা বলছিলেন।
এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ অনুসারী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি নাছের আলীর নেতৃত্বে একদল যুবক সেখানে গিয়ে তাঁদের গালাগাল করেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উপজেলা পরিষদ, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ও বহর্দ্দার পাড়ায় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিক লীগের নেতা নাছের আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শ্রমিক লীগের নেতা মো. নাছের আলী বলেন, বোয়ালখালী আওয়ামী লীগে শুধু মোছলেম উদ্দিনের অনুসারীরা থাকবেন। পাল্টাপাল্টি ধাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আবুল কালামের অনুসারীরা মিছিল করার জন্য উপজেলা পরিষদের সামনে জড়ো হলে আমরা তাঁদের ধাওয়া করি। পরে তাঁরা সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ও বহর্দ্দারপাড়া এলাকায় আবার জড়ো হলে ধাওয়া দেওয়া হয়।’
উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক এস এম সেলিম বলেন, ‘মোছলেম উদ্দিনের অনুসারী শ্রমিক লীগের নেতা নাছের আলীর নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের দিকে তেড়ে আসে এবং আমাদের নেতা-কর্মীদের পথ আটকে হুমকি-ধমকি দিয়ে লাঞ্ছিত করে। এই পরিস্থিতিতে আমরা থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।