আ.লীগের দ্বিধাবিভক্ত নেতারা এক মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন পর এক মঞ্চে এসেছেন। জীবননগর উপজেলায় গতকাল শনিবার এক মতবিনিময় সভায় দুই পক্ষের নেতারাই উপস্থিত হয়ে বক্তব্য দেন। এতে ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জীবননগর উপজেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল দুপুরে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকদের পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগর (টগর) প্রথম আলোকে বলেন, ‘সভায় সকলেই আওয়ামী লীগের নেতা-কর্মী হয়ে এসেছেন। কে কোন পক্ষের, তার চেয়ে বড় দরকার তিনি আওয়ামী লীগের নেতা বা কর্মী কি না। বর্তমানে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন। দেশকে এগিয়ে নিতে এবং ২০১৯ সালের নির্বাচনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে রাজনীতির বিকল্প নেই।’
দলীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কয়েক বছর ধরে দ্বিধাবিভক্ত রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। অপর পক্ষের নেতা সাংসদ আলী আজগর। জীবননগরেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র ঘোষিত ও স্থানীয় কর্মসূচিগুলো এত দিন আলাদাভাবে পালন করে আসছেন। কিন্তু গতকাল সবাই এক মঞ্চে হাজির হন। মতবিনিময় সভার বক্তাদের বেশির ভাগই ছিলেন সাংসদ আলী আজগরের অনুসারী। তবে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। তিনি এবং অপর দুই বক্তা উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক আবদুল কাদের প্রধান ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান বিশ্বাস হুইপের কট্টর অনুসারী হিসেবে পরিচিত।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আলী আজগর। তাঁর অনুসারী চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেখ সামসুল আবেদীন খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আবদুল লতিফ ও জীবননগর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য দেন।
আবু মো. আবদুল লতিফ বলেন, ‘আমরা দৃশ্যত দুটি পক্ষ হলেও সবাই একই পরিবারের সদস্য। ভাইয়ে ভাইয়ে মান-অভিমান থাকতেই পারে। সাধারণ নেতা-কর্মীরাও চান জেলা পর্যায়েও দুই পক্ষের নেতারা এক মঞ্চে বসুক।’
জীবননগর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী বিষয়টিকে এভাবে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে এই ঐক্যের স্থায়িত্বকাল নিয়ে কেউ কেউ সন্দিহানও।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা প্রথম আলোকে বলেন, সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সভায় সভাপতিত্ব করেছেন। এর বাইরে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এ পক্ষের নেতা হিসেবে পরিচিত জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, জীবননগর এলাকায় আওয়ামী লীগের অনেকেই নানাভাবে নিগৃহীত ও লাঞ্ছিত হয়েছেন। তিনি বলেন, ‘এমপি সাহেব (আলী আজগর) আমাকে সভায় ডেকেছিলেন। কিন্তু এসব লাঞ্ছিত-বঞ্চিত মানুষকে রেখে হুট করে সভায় যেতে পারি না। ঐক্যের বাইরে কেউই নয়। তবে সে ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করতে হবে।’