আ.লীগের নবনির্বাচিত নেতাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবনির্বাচিত কমিটির নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সভাপতি শেখ হাসিনা, নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত কমিটির নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং সেখানে বঙ্গবন্ধুর অপর একটি প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শেখ হাসিনা সেখানে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে অষ্টমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন এবং প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টে মাছরাঙার অনুদান: বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভি গতকাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৩ কোটি টাকা অনুদান দিয়েছে। টিভি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।
প্রয়াত জেলা প্রশাসকের পরিবারের সদস্যদের সাক্ষাৎ: চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, জাহিদুলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর পক্ষ থেকে পরিবারটিকে সম্ভব সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
জাহিদুল ১৭ অক্টোবর রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।