মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আতঙ্কে ওই দুই নেতা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছেঙ্গারচর পৌর যুবদলের সভাপতি ফয়সাল রহমান ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি অসুস্থ নান্নু মিয়া প্রধানিয়াকে দেখতে যান। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে রক্ষা পেয়ে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ট্রলারযোগে ঢাকার উদ্দেশে মতলব উত্তরের ছটাকি লঞ্চঘাটে পৌঁছালে আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এরপর ফয়সাল ও মোখলেছুর মুন্সিগঞ্জে একটি চরে গিয়ে আশ্রয় নেন।
হামলার শিকার ফয়সাল রহমান ঢালী বলেন, ‘ঘটনার পর আহত অবস্থায় তাঁরা মুন্সিগঞ্জ হয়ে ওই দিন রাতে ঢাকায় চলে যান। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকেরা তাঁদের ওপর এ হামলা চালান। সুস্থ হয়ে এ ব্যাপারে তাঁরা মামলা করবেন।
এ ঘটনায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদসহ সব যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানিয়া অভিযোগ করেন, ‘ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। আমরা এই ঘটনায় কোনো মামলা করার পরিবেশ পাইনি। তবে গতকাল বিকেলে জেলা বিএনপির নেতারাসহ আমরা বসে এ ব্যাপারে প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অভিযোগের বিষয়ে ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। তবে দলের পোলাপান বিএনপির গোপন বৈঠকে বাধা দেয়। পরে তারা চলে যায়। এর বাইরে কোনো কিছু ঘটেনি। এলাকাছাড়া ও হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক বলেন, ‘কোনো হামলার খবর আমরা পাইনি। তবে ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়ার বাড়িতে একটি দলীয় সভা ও কমিটি গঠনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। কিন্তু সেখানে গিয়ে আমরা কাউকে পাইনি। তবুও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’