নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতের নয় নেতা ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে বেকায়দায় পড়েছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা। ১১টি ইউপিতে আওয়ামী লীগেরও বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ২৮ মে এসব ইউপিতে ভোট হবে।
উপজেলার সব কটি ইউপিতেই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পরও ১১টি ইউপিতে আওয়ামী লীগের ও ৬টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন প্রসাদপুর ইউপিতে নুরুল ইসলাম মোল্যা, গণেশপুরে মকলেছুর রহমান প্রামাণিক, মৈনমে আনিছুর রহমান, তেঁতুলিয়ায় সাইদুর রহমান, নুরুল্যাবাদে মকবুল হোসেন মণ্ডল, কালিকাপুরে মহশীন আলী আহম্মেদ, কাঁশোপাড়ায় আবদুল সালাম, কশবে আবদুল গফুর মণ্ডল, ভালাইনে আবদুল জলিল শেখ, ভাঁরশোতে শারিকুল ইসলাম ও বিষ্ণুপরে আলাউদ্দিন মাঝি। দলীয় সূত্র ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ১১টি ইউপিতে তৃণমূল নেতা-কর্মীদের একটা বড় অংশ প্রকাশ্যে ও গোপনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন। এতে আওয়ামী লীগের প্রার্থীরা অনেকটা বেকায়দায় রয়েছেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন পরানপুর ইউপিতে ফারুক হোসেন মোল্লা, মান্দা সদরে এজাজ আহম্মেদ হিন্দোল, প্রসাদপুরে বেলাল হোসেন খান, তেঁতুলিয়ায় আখেরুজ্জামান মোল্লা, নুরুল্যাবাদে জায়দুর রহমান ও কাঁশোপাড়ায় মোজাম্মেল হক। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতারা হলেন ভালাইন ইউপির আবদুল হামিদ, নুরুল্যাবাদের ইয়াছিন আলী প্রামাণিক, কালিকাপুরের নাজিম উদ্দীন মণ্ডল, কুশুম্বারে আবদুররাজ্জাক মণ্ডল, প্রসাদপুরের মোয়াজ্জেম হোসেন, মান্দা সদরের তোফাজ্জল হোসেন, পরানপুরের ইলিয়াস খান, তেঁতুলিয়ার এস এম মখলেছুর রহমান ও কাঁশোপাড়ার আবুল কালাম আজাদ।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মান্দায় জামায়াত বেশ শক্তিশালী। এ কারণে জামায়াত নেতারা নয়টি ইউপিতে প্রার্থী হয়েছেন। এ ছাড়া ছয়টি ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ অবস্থায় প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতা ও বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে না পারলে বিএনপির প্রার্থীদের পক্ষে জয়ী হওয়া কঠিন হয়ে পড়বে।
গত শনিবার ভালাইন ইউপির বৈদ্যপুর, পাঠাকাটা বাজারসহ বিভিন্ন মোড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার ঝুলতে দেখা যায়। স্থানীয় কয়েকজন ভোটার বলেন, এখানে দলের একক প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতার কারণে বেকায়দায় রয়েছেন বিএনপির প্রার্থী। কারণ, উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী এ ইউনিয়নে ছয় হাজার ভোট পেয়েছিলেন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগের প্রার্থীও অস্বস্তিতে রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা ইমদাদুল হক বলেন, জনপ্রিয়তা ও তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের যে নেতারা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ‘জামায়াত ও বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির প্রার্থীদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। মান্দা বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবারও বিএনপির সমর্থকেরা ধানের শীষ প্রতীককে বেছে নেবেন বলে আমার বিশ্বাস।’ তিনি বলেন, যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের দলের পক্ষ থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চিঠি দিয়ে অবহিত করা হয়েছিল। এরপরও প্রার্থিতা প্রত্যাহার না করায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।