আ.লীগের পথের কাঁটা 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল ও ‘বিদ্রোহী’ প্রার্থী দলীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর। দুজনই শক্তিশালী প্রার্থী। তাই দলীয় নেতা-কর্মী ও ভোটাররা মনে করছেন আওয়ামী লীগের প্রার্থীর পথের কাঁটা হবেন বিদ্রোহী প্রার্থী হুমায়ুন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। দলীয় প্রার্থীকে সমর্থন দিয়েছেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান। চন্দনের সঙ্গে আছেন জেলা কমিটির সহসভাপতিদের একজন বাদে সবাই, শেরপুর পৌরসভার মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়াসহ ওই কমিটির অনেক নেতা।
আওয়ামী লীগের প্রার্থী চন্দন পাল বলেন, দলীয় সভানেত্রী তাঁকে সমর্থন দিয়েছেন। সব নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন। নির্বাচনে ভোটাররাও তাঁকে সমর্থন দিয়েছেন। তাঁর বিজয়ী হওয়ার বিষয়টি সুনিশ্চিত।
এদিকে হুমায়ুন কবীরের পক্ষে দলের একটি অংশ প্রচার চালিয়েছেন। জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ইলিয়াছ উদ্দিনও তাঁকে সমর্থন দিয়েছেন। সব মিলিয়ে হুমায়ুন আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে অবতীর্ণ হয়েছেন বলে ভোটাররা মনে করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শেরপুর সদরের একজন ইউপি চেয়ারম্যান বিদ্রোহী হুমায়ুনকে চন্দনের বিজয়ের পথের কাঁটা হিসেবে মন্তব্য করেন।
এ বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘সম্মানিত ভোটার তথা শেরপুরের আপামর জনগণ আমাকে সমর্থন দিয়েছেন। আমি জয়ী হব বলে আশা করি।’