আ.লীগের পরাজয়ের মূলে বিদ্রোহী প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছায় ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭টিতে জিতেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকি চারটির মধ্যে দুটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এবং একটিতে বিএনপি ও অন্যটিতে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচনে ভোট পড়েছে ৭১ দশমিক ৩৩ শতাংশ। সরকারি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই দুটি ইউপিতে জিতেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। জেলা আওয়ামী লীগ ও দলটির স্থানীয় নেতারা মনে করছেন, দলীয় অনৈক্যের কারণে সেখানে দলের প্রার্থীরা হেরে গেছেন।
নির্বাচনে আটটি ইউপিতে আওয়ামী লীগের ১৫ জন ‘বিদ্রোহী’ প্রার্থী মাঠে ছিলেন। ফল বিশ্লেষণে দেখা যায়, গঙ্গানন্দপুর ইউপিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন। ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বদর উদ্দিন ৮ হাজার ২০২ ভোট পেলেও নৌকা প্রতীকের প্রার্থী আমিনুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৪৬ ভোট। বিএনপির প্রার্থী আবদুল মজিদ পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট।
শিমুলিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউদ্দিন আহমেদের ৫ হাজার ৬৪৪ ভোটের বিপরীতে নৌকার প্রার্থী মতিয়ার রহমান সর্দার পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।
যে দুটি ইউপিতে বিএনপি এবং জামায়াত-সমর্থিত প্রার্থীরা জিতেছেন, সেখানে মূল কারণ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। গদখালী ইউপিতে বিএনপির প্রার্থী ১৫৫ ভোটের ব্যবধানে জিতেছেন। সেখানে নৌকার প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৩৪৭। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভোটসংখ্যা ২ হাজার ২১৩। শংকরপুর ইউপিতে জামায়াত-সমর্থিত প্রার্থী মো. নিসার ৬ হাজার ৫৯২ ভোট পেয়ে জিতেছেন। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম ৩ হাজার ৫৩৬ এবং নৌকার প্রার্থী গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি পেয়েছেন ২ হাজার ৬৮৩ ভোট পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মনে করেন, দলের অনৈক্যের কারণেই চারটি ইউনিয়নে দলের প্রার্থীদের হারতে হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই একটি পক্ষ দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছে। তাই দলের প্রার্থীদের হারতে হয়েছে। দুটি ইউপিতে বিদ্রোহী প্রার্থীদের বিপুল ভোটে জয়ের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে দলের প্রার্থী নির্বাচনে ভুল ছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, কোনো ভুলই হয়নি। সেই বিদ্রোহী প্রার্থীরা দলের পক্ষে কাজ করলে দলের প্রার্থীই জিততেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগ সার্বিক বিষয় পর্যালোচনা করছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, ‘এত প্রতিকূলতার ভেতরেও আমাদের প্রার্থী জিতেছেন। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আমাদের প্রার্থীদের হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের বাইরে না রাখলে ফল আরও ভালো হতো।’