আ.লীগের পরিণতি মুসলিম লীগের মতো হবে
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মুসলিম লীগ মনে করত তারা পাকিস্তান হাসিল করেছে। তাই পাকিস্তান শাসন করার অধিকার শুধু তাদেরই আছে। পরে মুসলিম লীগের চরম পরিণতি হয়েছে। আর আজকে আওয়ামী লীগ মনে করে, তারাই বাংলাদেশ স্বাধীন করেছে। আর কারও কোনো অধিকার নেই। তাই তাদেরও একই পরিণতি হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার বিকেল পাঁচটায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আতাউর রহমান খান স্মৃতি সংসদ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান উল্লেখ করেছিলেন, ছোট মন নিয়ে কখনো বড় রাষ্ট্র গঠন করা যায় না। অর্থাৎ রাষ্ট্রের নেতৃত্ব দিতে হলে রাষ্ট্র পরিচালনা করতে হলে নিজের হৃদয়কে বড় করতে হবে। এ কথাটি আজকের দিনে প্রযোজ্য।
আতাউর রহমান খানের রাজনৈতিক জীবন বিস্তারিত আলোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘শুনলাম জিয়ার কবর, আতাউর রহমান খানের কবরসহ জাতীয় নেতাদের কবর সরানো হবে। কিন্তু মানুষের মন থেকে এই আতাউর রহমান, জিয়াউর রহমানকে কি মুছে ফেলতে পারবেন।’
সরকারের শুভবুদ্ধির উদয় হবে আশা করে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এত অহংকারী হইয়েন না, ক্ষমতার দাপট দেখাইয়েন না। খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য রিজভীকে দিয়ে প্রস্তাব পাঠাননি। সব দলের সঙ্গে সমন্বয় করার জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে।’
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯০৫ সালে আতাউর রহমান খানের জন্ম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তিনি। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে ধামরাই-সাভার নির্বাচনী এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন এই নেতা। পরে তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
আওয়ামী মুসলিম লীগের প্রথম সহসভাপতি আতাউর রহমান খান। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। ১৯৮৪ সালের ৩০ মার্চ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।