আ.লীগের পাঁচ নেতাকে দল থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে। ওই পাঁচ নেতা ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 অব্যাহতি পাওয়া ওই পাঁচ নেতা হলেন, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকিবুল হাসান ওরফে পুটু মিয়া (জগ), আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এ কে এম আহাদুল হাসান ওরফে আহাদ (আনারস), গোপালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান সাইফুল ইসলাম (আনারস), বুড়াইচ ইউপির দুই চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আবদুল হক ওরফে পান্নু (আনারস) ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন (মোটরসাইকেল)।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়া’ দলীয় নেতাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওই পাঁচজন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ওই পাঁচ নেতাকে ‘কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ওই সভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আরও পাঁচ নেতাকে সতর্ক করে চিঠি দিয়ে আগামী তিন দিনের মধ্যে তাঁদের আচরণ পরিবর্তন করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়েছে।

সতর্ক করে দেওয়া নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নাজিবুল রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সোলায়মান আহমেদ, বুড়াইচ ইউনিয়নের সড়ারকান্দি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশীদ, একই ইউনিয়নের হেলেঞ্চা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান এবং ওই ইউনিয়নের চর খোলাবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার।

দলের এই সিদ্ধান্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক নূরুল বাসার মিয়া স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে গত শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে আমরা উপজেলা কমিটি কোনো নেতাকে বহিষ্কার করার ক্ষমতা রাখি না। এ কারণে আমরা যেসব নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁদের শোকজ করেছি। শোকজের জবাব পাওয়ার পর এ ব্যাপারে আমরা সুপারিশ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠাব।’ তিনি বলেন, ‘শুক্রবার ওই শোকজের চিঠি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই পাঁচ নেতার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

দলীয় পদ থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর ব্যাপারে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকিবুল হাসান বলেন, ‘শুধু বহিষ্কার নয়, কোনো নেতাকে অব্যাহতি দেওয়ার ক্ষমতাও উপজেলা কমিটি রাখে না। উপজেলা আওয়ামী লীগের দুই নেতা ঘুষ খেয়ে যোগ্য নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও বিদেশ পার্টি লোকদের ধরে এনে নমিনেশন দিয়েছেন।’ ‘আমরা বহিষ্কার হব না, বহিষ্কার হবেন ওই দুই নেতা’ মন্তব্য করে মকিবুল হাসান বলেন, ‘ওনাদের শোকজের চিঠি আমি পাইনি, পেলেও জবাব দেব না। জবাব দেব একমাত্র নেত্রীর (আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা) কাছে।’

আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এ কে এম আহাদুল হাসান বলেন, ‘ওনারা (শোকজ প্রদানকারী দুই নেতা) আমাদের শোকজ করার কে? নির্বাচনী তফসিল ঘোষণা হলে ওনারা কোনো সভা ডেকে তো সিদ্ধান্ত নেননি কাকে নমিনেশন দেবেন বা দেবেন না।’ ‘ওনারাই বরং দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করেছেন’ মন্তব্য করে তিনি বলেন, ‘যাঁরা দল করেন তাঁদের বাদ দিয়ে যাঁরা দল করেন না, তাঁদের ধরে এনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।’ কারণ দর্শানোর জবাব দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘শোকজের চিঠি আমি এখনো পাইনি (গতকাল শনিবার দুপুর দুইটা পর্যন্ত)। পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব তার জবাব দেব কি দেব না।’