আ.লীগের পিছিয়ে এপ্রিল বা ঈদের পর হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে ২৮ মার্চ। তবে দলীয় সূত্র বলেছে, নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই ত্রিবার্ষিক সম্মেলন পিছিয়ে এপ্রিলে বা ঈদুল ফিতরের পরে হতে পারে। ২৮ মার্চের আগে-পরে দুই ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এবং নির্বাচন নিয়ে প্রতিনিধিদের ব্যস্ততার বিষয়টি মাথায় রেখে দলে সম্মেলন পেছানোর আলোচনা চলছে।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে, সম্মেলনের তারিখ পেছানোর বিষয়টি দলের ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় উঠেছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পেছানোর বিষয়ে মত দিয়েছেন। তবে সম্মেলন কবে করা হবে সেই তারিখ নিয়ে আলোচনা বা দলীয় প্রধান নিজের কোনো মত প্রকাশ করেননি। তবে অধিকাংশ নেতা এপ্রিলের প্রথম সপ্তাহে সম্মেলন অনুষ্ঠানের পক্ষে। কেউ কেউ মনে করছেন, রোজার ঈদের পরও হতে পারে।
সূত্র বলেছে, যদি সম্মেলন পেছায় তবে নতুন তারিখ ঠিক করতে হবে দলের জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক করে। এই বৈঠক মার্চের মাঝামাঝি হতে পারে। গত ১০ জানুয়ারি কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৮ মার্চ সম্মেলনের তারিখ ঠিক করা হয়। তিন বছর মেয়াদি আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। কার্যনির্বাহী সংসদ কমিটির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে। ফলে জুনের মধ্যে সম্মেলন সম্পন্ন করতে হবে। নয়তো আবারও মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে। কারণ, ঈদুল ফিতর হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে।
এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৮টি ইউপিতে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ৬৫৭টি ইউপির ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। সূত্রমতে, এই দুই ধাপের ভোটের মাঝখানে দলীয় সম্মেলন করতে আগ্রহী নন দলের নীতিনির্ধারকদের অনেকে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলের সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে, ইউপির প্রথম দুই পর্বের ভোটের ফাঁকে সময় খুব কম। সারা দেশ থেকে যেসব প্রতিনিধি আসবেন, তাঁদের অনেকেই প্রার্থী কিংবা নির্বাচনের কাজে ব্যস্ত। তাই সম্মেলন কিছুটা পেছাতে হবে। এ ক্ষেত্রে এপ্রিলের শুরুতে নতুবা রোজার পরে করতে হবে। দলীয় সভানেত্রী বিষয়টি নিয়ে ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই কার্যনির্বাহী সংসদের একটা সভা হতে পারে। সেখানেই সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগের সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে ছয় হাজার প্রতিনিধি অংশ নেন। দলের জেলা কমিটির নির্বাচন করা নেতারা হলেন প্রতিনিধি। দলের গঠনতন্ত্রে প্রতি ২৫ হাজার জনগোষ্ঠীর জন্য একজন প্রতিনিধি নির্বাচনের বিধান আছে।
আওয়ামী লীগের সূত্র বলছে, সম্মেলন পেছানোর আলোচনা শুরুর পেছনে আরও কিছু হিসাবনিকাশ রয়েছে। এর একটি হচ্ছে ১৯ মার্চ নির্ধারণ করা বিএনপির জাতীয় সম্মেলন। সরকারের কাছে খবর আছে, বিএনপির সম্মেলন পেছানোর সম্ভাবনা আছে। দলের অনেক নেতা বিএনপির সিদ্ধান্ত ও নেতৃত্বে কী পরিবর্তন আসে, বিশেষ করে তারেক রহমানের অবস্থান কী দাঁড়ায়, এসব দেখে আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঠিক করার পক্ষে।
অবশ্য ওবায়দুল কাদের এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো পাল্টাপাল্টি নেই। দলটির কাউন্সিল হলে কী হবে আর না হলেই কী হবে। তাদের নেতৃত্ব নির্বাচন কিংবা নেতা বাদ দেওয়া হয় কীভাবে তা সবাই জানে। আওয়ামী লীগে নিয়মের বাইরে কিছু করা সম্ভব নয়।
সম্মেলনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘সম্মেলন পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এ ধরনের কোনো নির্দেশনা দলীয় সভানেত্রীর কাছ থেকে পাইনি। এগুলো গুজব। এখনো ২৮ মার্চ সম্মেলনের তারিখ ঠিক আছে।’
এদিকে সম্মেলন উপলক্ষে ১০টি প্রস্তুতি কমিটি করা হয়েছে। এর মধ্যে সাজসজ্জা উপকমিটির দুটি বৈঠক হয়েছে। বৈঠকে সম্মেলনের মঞ্চ প্রস্তুতের ক্ষেত্রে ঐতিহ্য ও প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ৭৩ থেকে বাড়িয়ে ৮১ করার পরিকল্পনা রয়েছে। গঠনতন্ত্র সংশোধন উপকমিটি এখনো কাজ শুরু করেনি।
জানতে চাইলে আওয়ামী লীগের কৃষি ও সমবায়-বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সম্মেলন পেছানোর বিষয়টি মোটামুটি নিশ্চিত। তবে কত দিন পেছাবে সেটা এখনো ঠিক হয়নি। পেছালে কার্যনির্বাহী সংসদের বৈঠকে তারিখ ঠিক হবে। এরপর গঠনতন্ত্র সংশোধনসহ অন্য উপকমিটিগুলোর কাজও সেভাবে ঠিক করা হবে।