আ.লীগের প্রতিক্রিয়া আগেই তৈরি ছিল : ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠন ও নির্বাচন সুষ্ঠু করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নাকচ করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির ভাষায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া নাগরিক ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও জিয়া আমার চেতনা’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে ভীত। জনমত উপেক্ষা করে তারা আজীবন ক্ষমতায় থাকতে চয়। এ জন্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রস্তাব তারা নাকচ করেছে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন প্রস্তাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে তা নাকচ করে দেন। মূলত আওয়ামী লীগের এই প্র​তিক্রিয়া আগেই তৈরি করা ছিল। এটা অনেকটা বাজেট ঘোষণার পরপরই ‘মানি না মানব না’–এর মতো অবস্থা। এই মিছিলের জন্য যেমন ব্যানার আগেই তৈরি থাকে, আওয়ামী লীগের প্রতিক্রিয়াও তেমনই।

খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘অন্তঃসারশূন্য ও চর্বিতচর্বণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ফর্মুলা জাতির সঙ্গে তামাশা ও এতে নতুন কিছু নেই।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন একটা প্রস্তাব দিয়েছেন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী হলে তাদের উচিত হবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, চেয়ারপারসনের উ​পদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমু​খ বক্তব্য দেন।