
বিএনপির প্রার্থী নেই। মাদারীপুরের কালকিনি পৌরসভায় তাই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। মেয়র পদে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনই ‘আওয়ামী লীগের’। তবে মাঠে আওয়ামী লীগের চারজন মেয়র প্রার্থী থাকলেও প্রকৃতপক্ষে লড়াই হচ্ছে ক্ষমতাসীন দলের দুই প্রভাবশালী নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সৈয়দ আবুল হোসেনের মধ্যে।
গতকাল মঙ্গলবার কালকিনিতে ঘুরে এমনই তথ্য পাওয়া গেছে। জানা যায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হওয়ায় তৃণমূলের সমর্থন উপেক্ষা করে কালকিনির বর্তমান মেয়র এনায়েত হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর বিপরীতে শক্ত বিদ্রোহী প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ। আর আওয়ামী লীগের আরও দুই বিদ্রোহী প্রার্থী মসিউর রহমান ও মো. লোকমান হোসেনকে সমর্থন দিচ্ছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন এর আগের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তখন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, এখনো দলে তাঁর কোনো পদ নেই। তিনি অবশ্য দাবি করেছেন, গতবার তাঁকে দলীয় মনোনয়ন না দেওয়া ছিল ‘দলের ভুল’।
এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘গতবার সৈয়দ আবুল হোসেন আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন। আমি তাই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে জিতেছি। এবার দল ভুল বুঝতে পেরে আমাকে মনোনয়ন দিয়েছে।’ তিনি দাবি করেন, মেয়র হওয়া সত্ত্বেও সৈয়দ আবুল হোসেনের অসহযোগিতার জন্য গত তিন বছর পৌরসভার উন্নয়নে তিনি কোনো কাজ করতে পারেননি।
স্থানীয় সূত্রগুলো বলছে, প্রাথমিকভাবে কালকিনিতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ছয়জন। তাঁদের মধ্যে তৃণমূলের সমর্থন ছিল আবুল কালাম আজাদের দিকে। তিনি আগে বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ছিলেন, এখন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঙ্গে ‘ভালো সম্পর্ক’।
আবদুস সোবহান গোলাপের সমর্থনে নির্বাচন করছেন কি না—এ প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’ নিজেকে ‘বিদ্রোহী নয়, স্বতন্ত্র’ প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, এখানে বিএনপির প্রার্থী নেই। যা হচ্ছে, সবই আওয়ামী লীগের মধ্যে।
স্থানীয় মানুষ বলছেন, বিএনপির প্রার্থী না থাকলেও এখানে শক্ত নির্বাচন হবে। কারণ যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সবাই ‘যোগ্য’ এবং দল ও পৌরসভার জন্য কোনো না কোনো অবদান আছে।
তবে এবার প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলেও তার প্রভাব কালকিনিতে কম পড়বে বলে মনে করছেন স্থানীয় লোকজন। তাঁরা মনে করছেন, স্থানীয় নির্বাচন ব্যক্তি ও গোষ্ঠীনির্ভর। তাই প্রতীক এখানে প্রভাব কম ফেলবে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মসিউর রহমান স্বীকার করেন, তিনি সৈয়দ আবুল হোসেনের প্রার্থী। তাঁর মতে, কেন্দ্রের নেতাদের অস্বাভাবিক হস্তক্ষেপের কারণে কালকিনিতে আওয়ামী লীগের দুরবস্থা চলছে। এ জন্যই মেয়র প্রার্থীদের অন্তরালে প্রকৃতপক্ষে কেন্দ্রীয় নেতাদের মধ্যে লড়াই চলছে।
প্রায় একই কথা বলেছেন আবুল হোসেনের ঘনিষ্ঠ প্রার্থী মো. লোকমান হোসেন। তাঁর ভাষ্য, আবুল হোসেনকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য তিনি দলের কাছে ‘জোরালো আবদার’ জানিয়েছিলেন। তিনি বলেন, স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় নেতাদের জন্য কালকিনিতে আওয়ামী লীগের বিভাজন ভয়ংকর রূপ নিয়েছে। উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি লোকমান হোসেন আওয়ামী লীগে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমি পক্ষেও না, বিপক্ষেও না, নীরবে আছি।’
জানতে চাইলে মাদারীপুর-৩ আসনের সাংসদ বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, ‘কালকিনিতে আওয়ামী লীগের প্রার্থী একজনই। দলের মনোনয়ন বোর্ড যাঁকে মনোনয়ন দিয়েছে, তিনিই আওয়ামী লীগ ও আমার প্রার্থী। তাঁকে কোনো ব্যক্তির প্রার্থী হিসেবে উল্লেখের কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
এ বিষয়ে কথা বলতে সৈয়দ আবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সূত্রগুলো জানায়, মেয়র প্রার্থী হলে হয়রানি ও মামলার ভয়ে কালকিনিতে বিএনপি প্রার্থী দিতে পারেনি। এখানে তাদের সাংগঠনিক অবস্থা অগোছালো, এ ছাড়া উপজেলা, পৌর ও জেলা বিএনপির মধ্যে সমন্বয়হীনতা আছে।
কালকিনি পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, বিএনপি যাঁকে প্রার্থী মনোনীত করেছিল, তাঁর জাতীয় পরিচয়পত্র, টিন সার্টিফিকেট প্রভৃতি না থাকায় শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তখন আর নতুন কাউকে মনোনীত করার সুযোগ ছিল না।
মামলা-হয়রানির ভয়ে বিএনপি প্রার্থী দেয়নি—এ বিষয়ে আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘কালকিনির বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা আমি পরিচালনা করি। আমার বিরুদ্ধে মামলা দিলে আমি ভয় পাই না। তবে অন্যদের কথা জানি না।’