
আসন্ন নির্বাচনে গাইবান্ধার তিনটি পৌরসভার মধ্যে দুটিতেই মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর ছড়াছড়ি। এর পেছনে ক্ষমতাসীন দলটির স্থানীয় সাংসদেরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলীয় মেয়র প্রার্থী ও স্থানীয় নেতারা। এ কারণে নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত তাঁরা। দলীয় বিদ্রোহীদের পাশাপাশি আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিএনপি ও ‘স্বতন্ত্র’ জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে হবে।
জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেছেন, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভায় দুজন ‘বিদ্রোহী’ প্রার্থীকে স্থানীয় দুই সাংসদ সমর্থন দিচ্ছেন।
জানতে চাইলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে বিদ্রোহী প্রার্থীদের বসানোর চেষ্টা চলছে। না পারলে কেন্দ্রে জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র যে ব্যবস্থা নিতে বলবে সেটাই করা হবে।
গাইবান্ধায় মোট চারটি পৌরসভা হলেও মামলার কারণে পলাশবাড়ী পৌরসভার কার্যক্রম শুরু হয়নি। বাকি গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাচন হবে ৩০ ডিসেম্বর।
সুন্দরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্যাহ আল মামুন। অভিযোগ আছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মন্জুরুল ইসলামের বিরোধিতা করায় দলীয় মনোনয়নের সময় মামুনের নাম কেন্দ্রে পাঠানো হয়নি। কিছুদিন আগে এই সাংসদের গুলিতে এক শিশু আহত হওয়ার পর যে আন্দোলন হয়, তাতে মামুন নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মামুনকেই মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হন সাংসদ। পরে মামুনের বাইরে দলের আরও চারজন স্থানীয় নেতা ‘বিদ্রোহ’ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ নেতা লুত্ফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ-উল-ইসলাম ও আওয়ামী লীগ সমর্থক শাহীন আহমেদ। এঁদের মধ্যে লুত্ফর রহমানের পক্ষে কাজ করছেন সাংসদ মন্জুরুল ইসলাম।
আবদুল্যাহ মামুন প্রথম আলোকে বলেন, সাংসদ তাঁকে ঠেকানোর জন্য শুধু বিদ্রোহী প্রার্থীকেই মদদ দিচ্ছেন না, জামায়াত-বিএনপির সঙ্গেও কথা বলছেন।
এ বিষয়ে সাংসদ মন্জুরুল উল্টো মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন, সাংসদ হিসেবে তিনি তো আর নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এ জন্য দলের উপজেলা সাধারণ সম্পাদকসহ বাকিদের মামুনের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু মামুনই তাঁদের ওপর ভরসা করতে পারছে না। তিনি (মামুন) জামায়াতের সঙ্গে লিয়াজোঁ করছেন।
এই পৌরসভায় বিএনপির দলীয় মেয়র প্রার্থী পৌর বিএনপির উপদেষ্টা আজাদুল করিম প্রামাণিক। জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান। আর জেপি থেকে মশিয়ার রহমান নির্বাচন করছেন। এই পৌরসভায় মোট নয়জন মেয়র পদে লড়ছেন।
গোবিন্দগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকার। তাঁর সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্য। এখানে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাংসদের শ্যালক মুকিতুর রহমান। মূলত সাংসদের নির্দেশেই তিনি প্রার্থী হয়েছেন বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন।
এই পৌরসভায় আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
জানতে চাইলে সাংসদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এখানে কিছু ‘টেকনিক্যাল’ সমস্যা আছে। তবে তিনি সার্বিকভাবে দলের পক্ষেই আছেন। আর তাঁর শ্যালককে বসানোর আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিক সভা হয়নি।
এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদ আর জাতীয় পার্টির প্রার্থী আখতার হোসেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থী আটজন।
সদরে ত্রিমুখী লড়াই হবে: গাইবান্ধা সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির। বিএনপির প্রার্থী শহর শাখার সভাপতি শহীদুজ্জামান শহীদ। জামায়াতে ইসলামীর এ কে এম ফেরদৌস আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বর্তমান মেয়র ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শামছুল আলমও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আরও তিনজন মেয়র পদে নির্বাচন করছেন। এখানে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি।
স্থানীয় রাজনীতিক মিহির ঘোষ প্রথম আলোকে বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর ভোট শেষ পর্যন্ত একজনের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র রয়েছেন। মূলত এই তিন পক্ষের মধ্যেই লড়াই হবে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম অভিযোগ করেন, তিন পৌরসভায় সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়নি। তাঁদের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।