আ.লীগের প্রবৃদ্ধি বেড়েছে: ফখরুল

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব গর্ব করছেন, প্রবৃদ্ধি বেড়েছে। কার প্রবৃদ্ধি বেড়েছে? আপনাদের (আ.লীগ) প্রবৃদ্ধি বেড়েছে, আপনারা এখন স্ফীত হয়েছেন।
আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের নির্যাতনের জন্য সরকারের কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে কেউ নিরাপদ নয়—না আছে হিন্দু সম্প্রদায়ের, না আছে খ্রিষ্টানদের, না আছে বৌদ্ধধর্মের নিরাপত্তা। আর মুসলমানরা যাঁরা আছেন, তাঁরা প্রতি মুহূর্তে চাপের মধ্যে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কী হয়েছে? প্রমাণিত হয়ে গেছে, এটা আওয়ামী লীগই করেছে।’
সরকারদলীয় নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘খুব গর্ব করছেন, প্রবৃদ্ধি বেড়েছে। কার প্রবৃদ্ধি বেড়েছে? আপনাদের (আ.লীগ) প্রবৃদ্ধি বেড়েছে, আপনারা এখন স্ফীত হয়েছেন। আপনারা এখন সম্পদ পুঞ্জীভূত করছেন, সেই সম্পদ বিদেশে পাচার করছেন।’
৬ নভেম্বর রংপুরে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষে পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত হওয়ার ঘটনার উল্লেখ করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাঁওতালদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘সবচেয়ে অবহেলিত, শোষিত, নিরীহ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। তাঁদের কী অমানবিকভাবে পিটিয়ে বের করে দিয়ে বাড়িঘরে আগুন দিয়েছে, গুলি করে মেরেছে এবং সেটা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হত্যাকাণ্ড গণহত্যার শামিল বলে আমরা মনে করি।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির নেতা আবুল খায়ের ভূঁইয়া, আজিজুল বারী প্রমুখ।