আ.লীগের প্রস্তুতি সভার সভাপতি জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ২২ মার্চ আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের রাজনৈতিক এ কর্মসূচি পালনের প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে হয়েছে।
সভার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী তাঁর ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন। এতে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ে তৃণমূল প্রতিনিধি সমাবেশের প্রস্তুতি সভা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
ছবিসহ প্রস্তুতি সভার খবর ফেসবুকে নেতা-কর্মীরা শফিকুর রহমান চৌধুরীকে ‘লিডার’ বলে ধন্যবাদসূচক মন্তব্য করতে দেখা গেছে। শফিকুর রহমান চৌধুরী স্ট্যাটাসে লিখেছেন, ‘সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ২২শে মার্চ ২০১৭ ইং সিলেট আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশ এর প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো. রাহাত আনোয়ার, উপস্থিত ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান, আসাদউদ্দিন আহমদসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।’
যোগাযোগ করলে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রতিনিধি সমাবেশ সফল করতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে প্রস্তুতি সভাটি করা হয়। প্রশাসনিক সহায়তার জন্য এ সভা করা হয়েছে। এটা রাজনৈতিক কোনো সভা ছিল না।
মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রশাসক সভা করার বিষয়টি নিশ্চিত করেন। সরকারি দপ্তরে রাজনৈতিক দলের প্রস্তুতি সভা করা যায় কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা ঠিক এ রকম না, এই মিটিংটা হয়েছে আমাদের যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, সেবা বলতে রোডস অ্যান্ড হাইওয়ে, ফায়ার সার্ভিস, এগুলোর সেবা বিষয় নিয়ে।’ সভায় সভাপতিত্ব করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সরকারি দপ্তরের কার্যক্রম, নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা হয়। তাতে প্রথাগতভাবে আমি সভাপতিত্ব করি, বক্তব্য রাখি।’