আ.লীগের প্রার্থী গোলাম মোস্তফা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ ৯০ হাজার ১৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।
গতকাল সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলেছে বিকেল চারটা পর্যন্ত। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের উপস্থিতি ছিল কম।
রিটার্নিং কর্মকর্তা ও রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন গতকাল বুধবার রাত আটটায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ ভোটের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১৮টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। উপনির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেছেন, ‘অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা জাল ভোট দিয়েছেন।’
তবে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের গোলাম মোস্তফা বলেন, ‘আমার কোনো সমর্থক জাল ভোট দেননি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম (লিটন) দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।
ভোট গ্রহণ চলাকালে মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছু কেন্দ্রে ১০ থেকে ১২ জন আবার কিছু কেন্দ্রে ২০ থেকে ২৫ জন ভোটার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। সকাল পৌনে নয়টায় উপজেলার ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ জন ভোটারকে অপেক্ষা করতে দেখা গেছে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা বেলাল হোসেন বলেন, সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল না। পৌনে নয়টা পর্যন্ত মাত্র ২০টি ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৮৮৩ জন।
এরপর দুপুরে বাজারপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, মাঠে কোনো ভোটার নেই। আনসার-ভিডিপির কয়েকজন সদস্য বসে আছেন। পুলিশের কিছু সদস্য হাঁটাহাঁটি করছেন। এ সময় জিয়াউর রহমান নামের এক ভোটার বলেন, ‘ভোট দিয়া কী হবি বাবা? যাই (যিনি) এমপি হয়, তাই (তিনি) হামার খবর নেয় না। সেই জন্যে মানুষ ভোট দিব্যার আসে না।’ প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভোটারদের আগ্রহ অনেকটা কম দেখা যাচ্ছে।