আ.লীগের প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত ঢিল মেরে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেছে।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠকে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাফর আলীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের চম্পকনগরে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের বাসভবনে বৈঠক বসে। বৈঠকে দীপংকর তালুকদার ছাড়াও সাংসদ ফিরোজা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতবর, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতবর বলেন, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ছয়জন আবেদন করেন। পরে মো. জাফর আলীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর গতকাল শুক্রবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। দলীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন যুবক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। এরপর তাঁরা পাথর ছুড়ে কার্যালয়ের ছয়টি জানালার কাচ ভেঙে দেন। এ ঘটনায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন অজ্ঞাতনামা ১০ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন।

বাঘাইছড়ি থানার ওসি বলেন, ‘দলীয় মনোনয়ন না পাওয়া কোনো ব্যক্তির সমর্থকেরা এ ঘটনা ঘটাতে পারেন বলে আমরা ধারণা করছি।’

আগামী ১৮ ফেব্রুয়ারি বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।