ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ গৌরীপুরের জনবিচ্ছিন্ন নেতা।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকির গত ২ মে মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৮ জুলাই এ আসনের উপনির্বাচন। গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মজিবুর রহমান ফকির মারা যাওয়ার পর থেকে কমপক্ষে ২০ জন মনোনয়নপ্রত্যাশী এলাকায় প্রচারণা ও জনসংযোগ করেন। তাঁরা সমানতালে কেন্দ্রেও তদবির চালান। ২১ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন। ১৬ জুন দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় নাজিম উদ্দিন আহমেদকে গৌরীপুর আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়।
নাজিম উদ্দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় একাধিক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নাজিম উদ্দিন প্রবীণ নেতা, ময়মনসিংহেই থাকেন। তারপরও তিনি গৌরীপুরের রাজনীতির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নন।
গৌরীপুরের তৃণমূলে তিনি পরিচিত নেতা নন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘এসব ঈর্ষান্বিত ব্যক্তিদের কথা। এসব কথা যাঁরা বলেন তাঁরা নিজেরা নিজেদের বড় নেতা মনে করেন। মুঠোফোনে ইতিমধ্যে মনোনয়নবঞ্চিত অনেকের সঙ্গে কথা হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাই জানিয়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়নবঞ্চিত প্রার্থী বিধু ভূষণ দাস বলেন, দল নাজিম উদ্দিনকে মনোনয়ন দিয়েছে। তাঁরা দলের সিদ্ধান্ত মেনে কাজ করবেন। বিদ্রোহ দমনের জন্য চেষ্টা করা হবে।
এদিকে, গতকাল সোমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক নাজনীন আলম গৌরীপুর আসনে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা বলেন, গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ জুন।
তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে নাজনীন আলম মনোনয়ন জমা দেওয়ায় গৌরীপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। দলের অনেক নেতা-কর্মী নাজনীনের পক্ষে কাজ করতে পারেন।
নাজনীন আলম বলেন, উপনির্বাচন সামনে রেখে তাঁর ব্যাপক প্রস্তুতি ছিল। আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। সমর্থকদের চাপের মুখে এবার তাঁকে নির্বাচনে অংশ নিতে হচ্ছে।
অপরদিকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ১১ মে মারা যান। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং। এ আসনেও উপনির্বাচন ১৮ জুলাই। জুয়েল এর আগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছয়জন প্রার্থী থাকলেও আলোচনায় ছিলেন মূলত দুজন। তাঁরা হলেন জুয়েল আরেং ও জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।