আ.লীগের প্রার্থী নিয়ে ক্ষুব্ধ তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় নেতা খুনের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে নাম আছে সুশান্ত দাসের। তিনি ওই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
অভয়নগরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যায় সরাসরি অংশ নেন আলামিন ফারাজী ওরফে সুমন। গত বছরের ১৭ ডিসেম্বর আদালতে দেওয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশান্ত কুমার দাসের নাম এই হত্যায় উঠে আসে। স্থানীয় উপজেলা আওয়ামী লীগ এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের কাছে হত্যা করা হয় মোল্যা ওলিয়ার রহমানকে।
এ ব্যাপারে জানতে চাইলে সুশান্ত দাস বলেন, ‘এটা ষড়যন্ত্র। এটা মিথ্যা। আমি অপরাধী কি না, তা প্রশাসন বলতে পারবে। এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত সন্দেহে ১০ থেকে ১২ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের একজন বলেছেন, হত্যার পরিকল্পনাকারীর সঙ্গে মাঝেমধ্যে তিনজনের কথা হতো। জবানবন্দিতে যে এটা বলেছে, সে শেখ আবদুল ওহাবের (অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি) আত্মীয়।’
এদিকে নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত উপেক্ষা করার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ডাকা বৈঠকে জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন ও স্থানীয় সাংসদ রণজিৎ কুমার রায় ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে নওয়াপাড়া পৌরসভায় ফারুক হোসেনকে সমর্থন দেওয়া হয়।