আ.লীগের প্রার্থী বাছাইয়ে গোপন জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য নির্ধারিত বর্ধিত সভা বাতিল করে গোপনে জরিপ চালাচ্ছে। একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার আশঙ্কায় বর্ধিত সভা বাতিল করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কায় বর্ধিত সভা বাতিল করা হয়েছে। প্রার্থী মনোনয়নের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিদের সমন্বয়ে গোপন জরিপের কাজ চলছে।
দলীয় সূত্র জানায়, একাধিক প্রার্থী থাকায় বাছাইয়ের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সমন্বয়ে বর্ধিত সভার সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। এ জন্য ২৩ মার্চ উয়ার্শী ও ভাতগ্রাম, ২৪ মার্চ আনাইতারা ও বানাইল, ২৯ মার্চ মহেড়া ও জামুর্কী এবং ৩০ মার্চ গোড়াই ও বাঁশতৈল ইউপিতে বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়। ২২ মার্চ ওই সব সভা বাতিল করা হয়। এর আগে ১৭ মার্চ থেকে উপজেলা আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ৫০০ টাকা দামে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে। ২৯ মার্চ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। গতকাল রোববার পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজ বলেন, বর্ধিত সভার আগের দিন ২২ মার্চ সভা বাতিল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন গোড়াই ইউনিয়ন সভাপতি (পূর্ব) আশরাফ খান ও সমর্থক হুমায়ুন কবীর। উয়ার্শীতে জেলার সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মল্লিক, ইউনিয়ন সভাপতি ফরহাদ আলী খান, উপজেলা স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আরিফ খান এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন। আনাইতারায় বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং দলের সমর্থক মিজানুর রহমান আবু। বানাইলে উপজেলা আইনবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর। বাঁশতৈলে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক শামছুল আলম, উপজেলা সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এবং উপজেলা সদস্য আতিকুর রহমান। মহেড়ায় বর্তমান চেয়ারম্যান ও সমর্থক বিভাষ সরকার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদশা মিয়া। ভাতগ্রামে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা সহসভাপতি মোবারক হোসেন সিদ্দিকী, ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সহিদুর রহমান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ২৮ মে পঞ্চম ধাপে মির্জাপুরের ১৪টি ইউপির মধ্যে আটটিতে নির্বাচন হবে। এসব ইউপিতে মোট ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৬৯৪ জন এবং নারী ভোটার ৯৫ হাজার ৮৯৩ জন।