আ.লীগের প্রার্থী বাছাইয়ে থাকছেন না সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাংসদদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নতুন নীতিমালা অনুসারে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তা চূড়ান্ত অনুমোদন দেবে।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনীত প্রার্থীদের দলীয় প্রধান শেখ হাসিনার সই করা চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে পৌরসভা নির্বাচনে সাংসদদের পরামর্শে দলীয় প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয় এবং সাংসদেরা তাঁদের সেই ক্ষমতা প্রয়োগও করেছিলেন।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, পৌরসভা নির্বাচনের নেতিবাচক অভিজ্ঞতা থেকেই ইউপির প্রার্থী বাছাইয়ে সাংসদদের বাদ দেওয়া হয়েছে। পৌর নির্বাচনে অধিকাংশ স্থানে সাংসদেরা নিজেদের পছন্দের প্রার্থী বাছাই করেন। পরে তাঁদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার কারণে দলীয় প্রার্থীর বিরোধিতায় নামেন অনেক সাংসদ। এসব সাংসদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ অবস্থায় নতুন করে বিতর্ক এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, সামনে জাতীয় নির্বাচন। ইউপির প্রার্থী বাছাইয়ে দলাদলি শুরু হলে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। সাংসদদের পক্ষে-বিপক্ষে বলয় তৈরি হবে। এ জন্য সাংসদদের বাদ রাখা হয়।
তবে তাৎক্ষণিকভাবে সাংসদেরা এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কয়েকজন বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে সাংসদদের বঞ্চিত করা হয়েছে। তবে কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে চাননি। আবার কয়েকজন বলেছেন, দলের সিদ্ধান্ত সঠিক।
পাবনার সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ওরফে টুকু বলেন, দল যে সিদ্ধান্তই নিক না কেন, তাতে তিনি একমত। এতে সাংসদদের ওপর চাপ কমে যাবে। আর আচরণবিধিতে নির্বাচনে সাংসদদের প্রচারণায় বাধানিষেধ আছে। তাই প্রার্থী বাছাইয়ে না রাখলে ভালোই হবে।
শেরপুরের সাংসদ ও হুইপ আতিউর রহমান আতিক বলেন, দল নিশ্চয় নানা দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেক সাংসদ জেলা বা উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা। তাঁরা তো থাকছেনই।
ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। গত ডিসেম্বরে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌর নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছিল। গতকালের বৈঠকে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় আবদুল লতিফ এবং ভোলার চরফ্যাশন পৌরসভায় বাদল কৃষ্ণ দেবনাথকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি এ দুটি পৌরসভায় ভোট গ্রহণের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন।