বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। তবে প্রার্থী-সংকটে রয়েছে বিএনপি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত বছরের ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান বলেন, দলের স্থানীয় মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ১১ জন। তাঁরা হলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন হাওলাদার, প্রায়াত চেয়ারম্যান মো. শাহ আলম খানের স্ত্রী শাহিনা খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়াসহ আকবর হোসেন ফারুক, লোকমান হোসেন খান, মকবুল সরদার, মো. মামুন মোল্লা, আবু সাঈদ নান্টু ও কামরুল হাসান দিলীপ।
আওয়ামী লীগের একাধিক দলীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে দলের প্রার্থী ঘোষণা করা হতে পারে।
উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিএনপির বেশির ভাগ জ্যেষ্ঠ ও গ্রহণযোগ্য নেতা প্রার্থী হতে রাজি হচ্ছেন না। উপজেলা বিএনপির এক নেতা বলেন, সম্ভাব্য প্রার্থী খুঁজে বের করতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা প্রার্থী হতে আগ্রহ দেখাননি।
তবে এ নির্বাচনে বিএনপির স্থানীয় মনোনয়ন বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গতকাল বলেন, ‘বিএনপি বড় দল। আমাদের কোনো প্রার্থী-সংকট নেই। দলের মনোনয়ন চেয়ে ইতিমধ্যে দুজন আবেদন করেছেন। তাঁরা হলেন বরিশাল সদর উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য মাকসুদা হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার গোলাম হোসেন। দু-এক দিনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’