মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এনায়েত হোসেন প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ছেপেছেন। দলীয় প্রতীক ও সভানেত্রীর ছবির পাশাপাশি স্থানীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম-সংবলিত ছোট আকৃতির এসব পোস্টার সমর্থকদের মোটরসাইকেলে ও দেয়ালে লাগানো হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র এনায়েত হোসেন। এনায়েত হোসেনের বাড়ির দেয়াল ও এলাকার কিছু দেয়ালে ছোট আকৃতি পোস্টার লাগানো হয়েছে। নৌকা প্রতীকের পাশাপাশি পোস্টারে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। পোস্টারের ওপরের অংশে লেখা হয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মাননীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের আর্শিবাদপুষ্ট মেয়র প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবেন না। পোস্টারে প্রার্থীর ছবি, দলীয় প্রধানের ছবি ও প্রতীক থাকতে পারবে। অন্য কোনো ব্যাক্তির ছবি বা নাম দেওয়া যাবে না। কোনো প্রার্থী এমন করলে খোজ নিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এনায়েত হোসেন বলেন, ‘আমার কর্মীরা কিছু পোস্টার ছেপেছে। কিছু স্থানে পোস্টার লাগানো হয়েছে। সেখানে সাংসদের নাম ব্যবহার করা হয়েছে। এটা আচরণ বিধির লঙ্ঘন হলে পোস্টার তুলে ফেলা হবে। আমি নির্বাচনের আচরণবিধি মেনে চলব।’