আ.লীগের প্রার্থীসহ দুজনের মনোনয়নপত্র বাতিল

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ব্যাংকের ঋণখেলাপি হওয়ার কারণে আওয়ামী লীগের প্রার্থীর এবং মামলার তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট। মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ওই পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করলে মেয়রের পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম ও বিএনপির সৈয়দ মনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়াত মেয়র হায়দার আলীর দুই ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান এবং শহীদুল ইসলাম বাবু রাঢ়ি, মো. সাইদুজ্জামান ও আক্তার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। জনতা ব্যাংক ঢাকার ফার্মগেট শাখায় ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া মামলার তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঋণখেলাপি নই। একজনের ঋণের জামিনদার ছিলাম। জামিনদার কখনো ঋণখেলাপি হতে পারে না। আমি প্রার্থিতা ফিরে পেতে আপিল করব।’
নড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আওয়ামী লীগের প্রার্থী ঋণখেলাপি। নির্বাচনী আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।