আ.লীগের বরিশাল বিভাগীয় তৃণমূল সমাবেশ ৮ এপ্রিল
আগামী ৮ এপ্রিল বরিশাল বিভাগের ছয় জেলার তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুয়াকাটা সৈকতে এই সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের চাঙা করতেই এই সমাবেশের উদ্যোগ নিয়েছে দলটি। বিভাগীয় তৃণমূল সমাবেশ সফল করার লক্ষ্যে গত শুক্রবার পটুয়াখালীতে প্রস্তুতি সভা হয়েছে। পটুয়াখালী ক্লাবে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এই সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান মিয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ। অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন। সভায় অন্যান্যের মধ্যে সাংসদ পঙ্কজ দেবনাথ, বেগম জেবুন্নেছা আফরোজ, মাহবুব হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার বলেন, ‘সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবারই প্রথম দলের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে এ ধরনের সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ এপ্রিল কুয়াকাটা সৈকতে এই সমাবেশ হবে।’
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি নিতে ওই সভা ডাকা হয়েছিল। সভায় কুয়াকাটায় সমাবেশ করার ব্যাপারে অনেকেই মত দিয়েছেন। ৮ এপ্রিল সেখানে এই সমাবেশ হবে, এটা প্রায় চূড়ান্ত।