স্থগিত হওয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদুর রহমানকে ‘সাজানো মামলায়’ হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার স্থানীয় গাবুয়া বাজারে সংবাদ সম্মেলনে শাহেদুর এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শাহেদুর রহমান বলেন, তিনি আওয়ামী লীগের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এরপরও ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কারণে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির তাঁর বিরুদ্ধে থানায় ষড়যন্ত্রমূলক মামলা করে নানাভাবে হয়রানি করছেন। ওই ইউপির স্থগিত সাতটি কেন্দ্রের পরবর্তী নির্বাচনে তাঁকে সরে দাঁড়ানোর জন্যও নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর কবির বলেন, ‘ষড়যন্ত্র আমি করিনি। শাহেদুর রহমানই করেছেন। তিনি ১৬ জুলাই গাবুয়া বাজারে আওয়ামী লীগের জঙ্গিবাদবিরোধী একটি সভা পণ্ডের চেষ্টা করেছিলেন। এ কারণে দলীয় নেতাদের নির্দেশে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’